রাজনীতি

গোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, নজরদারি বাড়াচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ এএম

গোপালগঞ্জে বিকাশে অস্বাভাবিক লেনদেন, নজরদারি বাড়াচ্ছে সরকার: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে সরকার। এ ঘটনায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গোপালগঞ্জে বিকাশের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের তথ্য সরকারের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং এ বিষয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। সরবরাহ স্বাভাবিক থাকায় রমজান মাসে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতির দিকে সরকারের নজর রয়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এর আগে অনুষ্ঠানে সিলেট জেলার ৪১ জন অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। তাঁদের চিকিৎসা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে সহায়তা করতেই এ অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধীদের চিকিৎসাসেবা ও পুনর্বাসনে আর্থিক সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়।