জাতীয়
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। মোতায়েন করা সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।
শনিবার (২৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। সব মিলিয়ে সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল, জনবহুল এলাকা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
মাঠপর্যায়ের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং দায়িত্ব পালনকারী সদস্যদের সঙ্গে দ্রুত সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেলের মাধ্যমে প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমের অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির সাহায্যে সংগৃহীত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতেও বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং মানুষের দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সদস্য মোতায়েনসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।