সারাদেশ
অপু বিশ্বাসের ব্যক্তিগত সাবেক মেকআপ আর্টিস্টের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে একটি বিউটি পার্লার থেকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাবেক ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট আল আমিন রাফির (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে পার্লারে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঋণ ও ধারদেনার চাপকে কেন্দ্র করে তাঁর মানসিকভাবে ভেঙে পড়ার বিষয়টি সামনে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত আল আমিন রাফি প্রয়াত আলাউদ্দিন ও জাহেরা খাতুন দম্পতির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। প্রায় তিন থেকে চার বছর আগে নিজ এলাকায় ফিরে এসে কয়েকজন নারীকে বিউটি পার্লারের কাজ শেখান। পরে তাঁদের নিয়ে ‘পারফেক্ট বিউটি পার্লার’ পরিচালনা শুরু করেন। এলাকায় একজন পরিচিত মেকআপ আর্টিস্ট ও পার্লার ব্যবসায়ী হিসেবেও তাঁর পরিচিতি ছিল।
পার্লারের কর্মী বৃষ্টি বেগম জানান, আল আমিন তাঁর এক বন্ধুকে বিদেশে পাঠানোর জন্য ধারদেনা করে টাকা দিয়েছিলেন। ওই টাকা ফেরত পাওয়ার জন্য তিনি প্রায়ই বন্ধুকে ফোন করতেন। তাঁকে একাধিকবার পাওনা টাকা চাইতে দেখেছেন তিনি। তবে ঠিক কত টাকা ধার দিয়েছিলেন, সে বিষয়ে তাঁর জানা নেই। বৃষ্টি বেগমের ভাষ্য অনুযায়ী, আল আমিনের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল বলে তাঁদের জানা নেই। বরং ঋণ ও দেনার চাপে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
নিহতের বোন রোহেনা আক্তার জানান, তাঁর ভাই নরসিংদীর বেলাবো উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে বিদেশে পাঠানোর জন্য ঋণ ও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন। ওই অর্থ দিয়ে নাঈমকে গ্রিসে যেতে সহায়তা করেন আল আমিন। বর্তমানে নাঈম গ্রিসে অবস্থান করছেন।
তিনি আরও জানান, গত ২৬ নভেম্বর রাতে আল আমিন তাঁর ওই বন্ধুকে ফোন করে পাওনা টাকা ফেরত চান। কিন্তু বন্ধু টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানালে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের দাবি, ধারদেনা করে দেওয়া টাকা ফেরত না পাওয়া এবং ঋণের বোঝা নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন আল আমিন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিউটি পার্লার থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ঋণ ও দেনার চাপের বিষয়টি সামনে এলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।