বিনোদন

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই স্বীকৃতি পেলেন সামিরা খান মাহি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

মুকুট না জিতেও মিস ইউনিভার্সে দুই স্বীকৃতি পেলেন সামিরা খান মাহি
ছবি: সংগৃহীত

বিশ্বসুন্দরী হওয়ার মূল লড়াইয়ে সেরা ৩০-এ জায়গা করে নিতে না পারলেও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য দুটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন দেশের প্রতিনিধি সামিরা খান মাহি। মিস ইউনিভার্সের ৭৫তম আসরে দর্শকদের ভোটে সুইমস্যুট ও ইভনিং গাউন-দুই বিভাগেই বিজয়ী হয়েছেন তিনি। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের এই প্রতিযোগী। মূল মুকুট জিততে না পারলেও একাধিক বিভাগে পাওয়া এই স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকে নতুন মাত্রা দিয়েছে।

প্রতিযোগিতার সুইমস্যুট পর্ব থেকেই নিজের ব্যতিক্রমী উপস্থিতি দিয়ে নজর কাড়েন সামিরা খান মাহি। যেখানে অধিকাংশ প্রতিযোগী প্রচলিত বিকিনি বা সুইমস্যুটে মঞ্চে অংশ নেন, সেখানে মাহি বেছে নেন সম্পূর্ণ শরীর ঢাকা নীল রঙের একটি বিশেষ পোশাক। পোশাকটির নকশা ও উপস্থাপনায় ছিল ভিন্নধর্মী ভাবনা। এর পেছনে যুক্ত লম্বা নীল কাপড় মঞ্চে তাঁর চলাফেরা ও উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তোলে। প্রচলিত ধারার বাইরে গিয়ে এমন পোশাক নির্বাচন এবং আত্মবিশ্বাসী উপস্থাপনার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও প্রশংসা পান তিনি। শেষ পর্যন্ত দর্শকদের ভোটে এই বিভাগেই সেরার স্বীকৃতি অর্জন করেন বাংলাদেশের প্রতিনিধি।

শুধু সুইমস্যুট বিভাগেই নয়, ইভনিং গাউন বিভাগেও দর্শকদের ভোটে বিজয়ী হয়েছেন মাহি। প্রতিযোগিতার এই বিভাগে তাঁর পোশাক, সৌন্দর্য, ব্যক্তিত্ব ও মঞ্চে উপস্থাপনা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে জয় পাওয়ায় আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও আলোচনায় আসে।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান সামিরা খান মাহি। সেখানে তিনি উল্লেখ করেন, মিস ইউনিভার্সের ৭৫তম আসরে সুইমস্যুট ও ইভনিং গাউন-উভয় বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতিও পেয়েছে দেশ।

আন্তর্জাতিক মঞ্চে নিজের এই সাফল্যকে ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না মাহি। তাঁর মতে, এই স্বীকৃতি শুধু তাঁর একার নয়, বরং বাংলাদেশের প্রতিটি মানুষের। দেশের মানুষের ভালোবাসা, সমর্থন ও অংশগ্রহণের কারণেই এমন অর্জন সম্ভব হয়েছে বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মিস ইউনিভার্সের বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখতে পেয়ে আনন্দ ও আবেগের কথাও জানান এই প্রতিযোগী।

প্রতিযোগিতার পুরো যাত্রায় দেশবাসীর দোয়া, ভালোবাসা ও উৎসাহ তাঁকে সাহস জুগিয়েছে বলে উল্লেখ করেন মাহি। প্রতিটি মুহূর্তে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে আন্তর্জাতিক মঞ্চে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান তিনি। তাঁর ভাষায়, দেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। অন্য এক পোস্টে বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে আবেগাপ্লুত হওয়ার পাশাপাশি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, মিস ইউনিভার্সের মূল প্রতিযোগিতায় সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি সামিরা খান মাহি। ফলে মূল মুকুট জয়ের লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ হয়নি তাঁর। তবে সুইমস্যুট ও ইভনিং গাউন বিভাগে দর্শকদের ভোটে জয় এবং ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হওয়ার স্বীকৃতি তাঁর এবারের যাত্রাকে স্মরণীয় করে তুলেছে।

মুকুট না জিতলেও আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার এই অর্জন নিয়ে গর্বিত মাহির সমর্থক ও দেশবাসী। নিজের সাফল্যের জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’