রাজধানী
মাকে দেখতে চেয়েছিল, শেষ পর্যন্ত তূর্যের মরদেহই গেল কারাগারে
মাকে একনজর দেখার সুযোগ না পেয়েই পৃথিবী থেকে বিদায় নিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য। সন্তানের চিকিৎসা ও দেখভালের জন্য মায়ের প্রয়োজনীয়তার কথা জানিয়ে আগে থেকেই মুক্তির আকুতি জানিয়েছিলেন কারাবন্দি শারমিন সুলতানা শর্মী। কিন্তু শেষ পর্যন্ত মায়ের সান্নিধ্য ছাড়াই মৃত্যু হয় শিশুটির। মৃত্যুর পর মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করতে কারাগারের সামনে নিয়ে যাওয়া হয় তূর্যের মরদেহ। হৃদয়বিদারক এ ঘটনায় শোক ও আবেগের সৃষ্টি হয়েছে স্বজনদের মধ্যে।
রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গত ৪ অক্টোবর গ্রেপ্তার হন শারমিন সুলতানা শর্মী (৪৪)। গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় বারবার নিজের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের কথা উল্লেখ করে তাকে দেখাশোনার জন্য মুক্তি দেওয়ার আকুতি জানান। শর্মী বলেছিলেন, তাঁর একটি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে, যাকে নিয়মিত ওষুধ খাওয়াতে হয়। বাবা-মা ছাড়া শিশুটির দেখাশোনা করার মতো আর কেউ নেই। আদালতে নেওয়ার সময় তাঁর কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের দেখভালের বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে শর্মীর মুক্তির দাবিও ওঠে। তবে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে কারাবন্দি অবস্থায় ছিলেন তিনি। এদিকে মায়ের অনুপস্থিতিতে পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে থাকা শিশু তূর্যের মৃত্যু হয় শুক্রবার (২৭ নভেম্বর) রাতে।
সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর তাকে শেষবারের মতো দেখার সুযোগ করে দিতে মায়ের প্যারোলে মুক্তির আবেদন করে পরিবার। তবে স্বজনদের দাবি, তাঁদের সেই আবেদন মঞ্জুর হয়নি। পরবর্তী সময়ে মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখা করানোর আশায় তূর্যের মরদেহ নিয়ে যাওয়া হয় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে তূর্যের বাবা শাহাদাৎ হোসেন নিপু জানান, ছেলের মরদেহ নিয়ে তিনি কাশিমপুর নারী কারাগারের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর উদ্দেশ্য ছিল, কারাবন্দি মাকে যেন অন্তত শেষবারের মতো সন্তানের মুখ দেখানো যায়।
এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, শারমিন সুলতানার ছেলের মরদেহ শেষবারের মতো দেখানোর জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বিধি অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কারাফটকে প্রায় দুই মিনিটের জন্য শিশুটির মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে তূর্যের বাবা শাহাদাৎ হোসেন জানিয়েছিলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয় বলে তাঁকে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এ জন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই বলেও জানানো হয়। তবে কারাফটকে দাঁড়িয়ে যেন তিনি মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখতে পারেন, সে ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছিল।
সন্তান হারানোর শোকে ভেঙে পড়েছেন বাবা শাহাদাৎ হোসেন নিপু। কান্নার কারণে ঠিকমতো কথাও বলতে পারছিলেন না তিনি। কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায়ত্ব প্রকাশ করে তিনি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি এখন কাকে নিয়ে থাকব।’
শাহাদাৎ হোসেন আরও জানান, শনিবার আসরের নামাজের পর রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদে শিশু তূর্যের জানাজা অনুষ্ঠিত হবে। পরে মোহাম্মদপুর কবরস্থানে তার দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, শারমিন সুলতানা শর্মী নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।