সারাদেশ

সিলেটে বিএনপি এমপি এম এ মালেকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

সিলেটে বিএনপি এমপি এম এ মালেকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন
ছবি: সংগৃহীত

সিলেট-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) ভোরে সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় তাঁর বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে দুর্বৃত্তরা এম এ মালেকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন সংসদ সদস্য এম এ মালেক। আগুন লাগার বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন এবং নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করার উদ্দেশ্যেই এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ।

এদিকে, সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগের মধ্যে কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটল। একের পর এক এ ধরনের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারা জড়িত, কী উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়েছে এবং এর পেছনে কোনো পরিকল্পিত নাশকতার যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।