সারাবিশ্ব
পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট ছাড়া প্রাণ গেল ৮ সেনাসদস্যের
মাদক উৎপাদন ও পাচারের জন্য পরিচিত দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রত্যন্ত অঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট একমাত্র জীবিত ব্যক্তি হিসেবে উদ্ধার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে। তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ নভেম্বর) পেরুর কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দেশটির অ্যাপুরিম্যাক, এন ও মান্তারো নদী উপত্যকা (ভিআরএইএম) অঞ্চলের সানাবাম্বা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। সামরিক হেলিকপ্টারটি একটি সেনা টহল দলকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার অভিযানে অংশ নিয়েছিল। অভিযানের একপর্যায়ে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটির সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী।
পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে অভিযান চালিয়ে সেটির ধ্বংসাবশেষ এবং ভেতরে থাকা নয়জন সেনাসদস্যের সন্ধান পাওয়া যায়। তাদের মধ্যে আটজন ঘটনাস্থলেই প্রাণ হারান। একমাত্র জীবিত ব্যক্তি হেলিকপ্টারটির পাইলট এনজো এসপিনোজা রোকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিশেষায়িত চিকিৎসার জন্য রাজধানী লিমায় পাঠানো হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, বৃহস্পতিবার রাতে হেলিকপ্টারটি তিন সেনাসদস্যকে উদ্ধারের পর তাঁদের নিয়ে ফিরছিল। এ সময়ই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ওই তিন সেনাসদস্যকে কী কারণে উদ্ধার করার প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। পরে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার করা ওই তিন সেনাসদস্যও দুর্ঘটনায় নিহত হয়েছেন।
এদিকে, পেরুর সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিহত সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে। একই সঙ্গে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে সংস্থাটি। সামরিক দায়িত্ব পালন করতে গিয়ে ভিআরএইএম স্পেশাল কমান্ডের সদস্যদের এমন মর্মান্তিক প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করা হয়।
দুর্ঘটনাস্থল ভিআরএইএম অঞ্চল পেরুতে ‘কোকেন ভ্যালি’ নামে পরিচিত। এটি দেশটির সবচেয়ে বড় কোকা পাতা উৎপাদনকারী এলাকা। অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে মাদক উৎপাদন ও পাচারকারী চক্রের তৎপরতা রয়েছে। পাশাপাশি দেশটির সাবেক বিদ্রোহী সংগঠন শাইনিং পাথের অবশিষ্ট সদস্যদের উপস্থিতিও রয়েছে বলে জানা যায়। এ কারণে এলাকাটি পেরুর অন্যতম নিরাপত্তাঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে বিবেচিত।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও পেরুর দক্ষিণাঞ্চলে একটি এমআই-১৭ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারটির ১৫ জন আরোহীর সবাই নিহত হন। পরপর এ ধরনের দুর্ঘটনা দেশটির সামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, কোকা পাতা ও কোকেন উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে রয়েছে পেরু ও কলম্বিয়া। কোকা পাতা কোকেন তৈরির অন্যতম প্রধান কাঁচামাল হওয়ায় এসব অঞ্চলে মাদক উৎপাদন ও পাচার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে দেশটির নিরাপত্তা বাহিনী। বিশেষ করে ভিআরএইএম অঞ্চলে মাদক পাচারকারী চক্র ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা মোকাবিলায় সামরিক বাহিনীর অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।