জাতীয়

গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

গোপালগঞ্জে পরীক্ষা নেব কীভাবে, দুশ্চিন্তায় রয়েছি
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের দীর্ঘ সময় পড়াশোনার বাইরে রেখে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, কোনো একটি বা দুটি বিষয়ের কারণে শিক্ষার্থীরা যেন অযথা বসে না থাকে। এতে তারা মাদকাসক্তি কিংবা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়তে পারে। সরকার শিক্ষার্থীদের এমন পরিস্থিতিতে ফেলতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা ব্যবস্থার অতীত ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানুষকে সত্য উপলব্ধি করার সুযোগ দিয়েছিলেন। অতীতের শিক্ষাব্যবস্থার বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, একসময় শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকট ছিল। এমনকি সলিমুল্লাহ হলের ভবন ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হলেও প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়ার লোক ছিল না।

তিনি বলেন, অতীতে দেশের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। কোথাও প্রয়োজনের তুলনায় বেশি প্রতিষ্ঠান হয়েছে, আবার কোথাও প্রয়োজন থাকা সত্ত্বেও প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয় ও পরিকল্পনার অভাব ছিল, যা শিক্ষা ব্যবস্থাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

বেগম খালেদা জিয়ার সরকারের শিক্ষা উদ্যোগের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, তাঁর সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন করা হয়েছিল। পাশাপাশি ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করার ক্ষেত্রেও এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে মন্তব্য করেন তিনি।

বিগত ১৭ বছরের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ওই সময়ে দেশের শিক্ষাব্যবস্থাকে আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। এমন একটি শিক্ষাক্রম তৈরি করা হয়েছিল, যার মাধ্যমে শিক্ষাকে সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রয়োজন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। গোপনে শিক্ষাক্রম প্রণয়ন এবং জনগণের মতামত ও অংশগ্রহণের অভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে নতুন করে কাজ শুরু করেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে চলমান কার্যক্রমে কোথাও কোথাও ভুলত্রুটি থাকতে পারে। আগামী বছর সেসব সীমাবদ্ধতা কাটিয়ে আরও নির্ভুলভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন বই দেওয়া হয়েছে। এ ছাড়া খেলাধুলা, যুব উন্নয়ন ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব ও পরিকল্পনা তুলে দেওয়া হয়েছে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের কারিগরি শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চান। এ লক্ষ্যেই ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষার বিষয়টি নতুনভাবে অন্তর্ভুক্ত করে বই দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ব্যবহারিক ও কর্মমুখী শিক্ষার সঙ্গে পরিচিত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই চলতি বছর শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ পাওয়া গেছে, যা অতীতে কখনো পাওয়া যায়নি। শুধু আলোচনা বা প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের উন্নয়নে প্রতি বছর কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্যেই কাজ করছেন বলে জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের চেয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বারবার শিক্ষার মান উন্নয়নের বিষয়টি তুলে ধরছেন। বিশেষ করে কারিগরি শিক্ষার প্রসার এবং দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার বিষয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন। শুধু অবকাঠামো নির্মাণ করলেই শিক্ষার উন্নয়ন হবে না; শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান ও কর্মদক্ষতা নিশ্চিত করতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত এবং বিষয়ভিত্তিক আসন ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, অনেক কলেজে শিক্ষার্থীসংখ্যা ও শিক্ষকের মধ্যে ভারসাম্য নেই। কোথাও একজন শিক্ষকের বিপরীতে মাত্র একজন বা তিনজন শিক্ষার্থী রয়েছে। আবার কোনো কোনো বিষয়ে শিক্ষক থাকলেও শিক্ষার্থী নেই। অন্যদিকে কিছু প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকলেও প্রয়োজনীয় শিক্ষক পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স পর্যায়ে বিষয় খোলার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা ও শিক্ষার্থীসংখ্যা বিবেচনা করা প্রয়োজন। শুধু বিষয় চালু করলেই হবে না, সেখানে পর্যাপ্ত শিক্ষার্থী ও যোগ্য শিক্ষক রয়েছেন কি না, সেটিও নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট তথ্য ও প্রতিবেদন তাঁর কাছে রয়েছে বলেও জানান তিনি।

পরীক্ষার খাতা মূল্যায়নে অসংগতি ও ফলাফল পরিবর্তনের বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার ৫২ হাজার খাতার গ্রেড পরিবর্তন করতে হয়েছে। একইভাবে এইচএসসি পরীক্ষার ২৩ হাজার খাতার গ্রেড পরিবর্তন হয়েছে। এসব খাতা তো শিক্ষকরাই মূল্যায়ন করেছিলেন। তাহলে এত বিপুলসংখ্যক খাতার গ্রেড পরিবর্তনের কারণ কী, তা খতিয়ে দেখা প্রয়োজন। শিক্ষকদের খাতা মূল্যায়নের ক্ষেত্রে আরও সতর্কতা ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের পাসের হার কম হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি বলেন, এসএসসি ও এইচএসসিতে পাসের হার কম হয়েছে। এর দায় শুধু শিক্ষার্থীদের, শিক্ষকদের নাকি সামগ্রিক শিক্ষাব্যবস্থার-তা পর্যালোচনা করা প্রয়োজন। অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজাতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে প্রায় ১৫ লাখ আসন রয়েছে। তবে এর মধ্যে মাত্র প্রায় ছয় লাখ আসনের তথ্য প্রকাশ করা হয়েছে। আগামী দিনে রেফার্ড পাওয়া শিক্ষার্থীদের জন্য পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরীক্ষায় প্রায় দুই লাখ ৯০ হাজার শিক্ষার্থী অংশ নেবেন বলে জানান তিনি।

শিক্ষার্থীদের দীর্ঘ সময় শিক্ষার বাইরে রাখার বিরোধিতা করে তিনি বলেন, কোনো একটি বা দুটি বিষয়ের কারণে শিক্ষার্থীরা যেন অযথা বসে না থাকে, সে বিষয়টি বিবেচনায় নিয়েই এবার রেফার্ড পাওয়া শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। কারণ, দীর্ঘ সময় শিক্ষার বাইরে থাকলে অনেক শিক্ষার্থী মাদকাসক্তি কিংবা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়তে পারে। এ ছাড়া যারা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন, তাঁদের ফলও ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এবং তাঁদের ভর্তির ব্যবস্থাও করা হয়েছে বলে জানান মন্ত্রী।

শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে জানিয়েছিলেন, চাকরিসংক্রান্ত দাবি আদায়ের জন্য শিক্ষকদের রাজপথে নামতে হবে না। সরকার শিক্ষকদের চাকরিসংক্রান্ত বিষয়গুলো সমাধানের উদ্যোগ নেবে। শিক্ষকদের দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে দাবি আদায়ের জন্য রাজপথে আসা উচিত নয়। সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সম্মেলনে উপস্থিত অধ্যক্ষদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে গিয়ে প্রতিষ্ঠানকে কীভাবে আরও উন্নত ও যুগোপযোগী করা যায়, সে বিষয়ে পরিকল্পনা নিতে হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা-সংক্রান্ত বক্তব্য ও নির্দেশনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের শিক্ষক সমাজকে শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় যোগ্যতা ও দায়িত্বশীলতা অর্জনের আহ্বান জানান।