সারাদেশ

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন-ভাঙচুর, আহত ১৬


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন-ভাঙচুর, আহত ১৬
ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে ৪০ থেকে ৪৫টি মোটরসাইকেলের একটি বহর আলাইয়ারপুর গ্রামে পরিবেশমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাটের দিকে যাচ্ছিল। এ সময় পরিবেশমন্ত্রীর বাড়ির দিক থেকে লাঠিসোঁটা নিয়ে মোটরসাইকেল বহরটির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

হামলার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে ফটিকের অনুসারী অন্তত ১১ জন আহত হন। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

অন্যদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে ফেনী জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীমউদ্দীন দাবি করেন, মোটরসাইকেল বহর নিয়ে পরিবেশমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা করা হলে স্থানীয় বাসিন্দারা তাদের প্রতিরোধ করেন। এ সময় তাদের পক্ষের তিনজন কর্মী আহত হয়েছেন বলে তিনি জানান।

দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ও সংঘর্ষের ঘটনায় আলাইয়ারপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌসী বেগম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।