সারাদেশ
আজহারীর মাহফিলে ৬৫ নারী পকেটমার!
রাজশাহীতে বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে ঘিরে পকেটমারির আশঙ্কায় পুলিশের বিশেষ নজরদারির অংশ হিসেবে তাঁদের আটক করা হয়। আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান। তিনি জানান, তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় পকেটমারিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।
এ সময় মাহফিলস্থল ও আশপাশের এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং পকেটমারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৫ নারীকে আটক করা হয়। তাঁদের গতিবিধি ও কর্মকাণ্ডের ওপর গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছিল। আটক নারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ডিবি প্রধান গাজিউর রহমান।
পুলিশের এই অভিযানের বিষয়ে তিনি আরও জানান, বড় ধরনের জনসমাগমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি, পকেটমারিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে তাফসির মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দেশের বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারীর।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর। মাহফিলকে ঘিরে রাজশাহী নগরী ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে।