সারাদেশ
বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর বন্ধুত্ব থেকে প্রেম। সেই ভালোবাসার টানে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে চীন থেকে বাংলাদেশের কুমিল্লায় এসেছিলেন ৩৫ বছর বয়সী এক যুবক। উদ্দেশ্য ছিল প্রেমিকাকে বিয়ে করে নিজের দেশে নিয়ে যাওয়া। কিন্তু শেষ পর্যন্ত প্রেমিকার পরিবারের অসম্মতির কারণে বিয়ের স্বপ্ন পূরণ না করেই ফিরতে হয়েছে তাকে। শুক্রবার (২৭ নভেম্বর) মধ্যরাতে পুলিশের সহযোগিতায় প্রেমিকার বাড়ি ছেড়ে চলে যান চীনা যুবক জেকুইন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রেমিকা নুসরাত জাহান তামান্নার (১৯) বাড়িতে উপস্থিত হন জেকুইন। হঠাৎ করে এক বিদেশি যুবকের আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় করেন উৎসুক স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
চীনা যুবক জেকুইন জানান, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটের মাধ্যমে সুলতানপুর গ্রামের আমির খন্দকারের মেয়ে নুসরাত জাহান তামান্নার সঙ্গে তাঁর পরিচয় হয়। প্রথমে সাধারণ কথাবার্তা ও বন্ধুত্বের মাধ্যমে যোগাযোগ শুরু হলেও ধীরে ধীরে তা ভালোবাসার সম্পর্কে রূপ নেয়। একপর্যায়ে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
তিনি আরও জানান, প্রেমিকার সঙ্গে সরাসরি দেখা করা এবং তাঁকে বিয়ে করার উদ্দেশ্যে গত ১৯ নভেম্বর চীন থেকে বাংলাদেশে আসেন তিনি। বাংলাদেশে এসে ঢাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করেন। পরে শুক্রবার সরাসরি প্রেমিকার গ্রামের বাড়িতে গিয়ে হাজির হন। তবে সেখানে গিয়ে পরিবারের অসম্মতির মুখে পড়তে হয় তাঁকে।
এদিকে নুসরাত জাহান তামান্না জানান, তিনি চীনা যুবক জেকুইনকে বিয়ে করে তাঁর সঙ্গে চীনে যেতে চান। তবে তাঁর মা-বাবা এই বিয়েতে সম্মতি দেননি। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেও তাঁদের মত পরিবর্তন করানো সম্ভব হয়নি। একপর্যায়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠার আশঙ্কায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতা নেওয়া হয়। পরে পুলিশের সহায়তায় শুক্রবার মধ্যরাতে জেকুইন ওই বাড়ি ছেড়ে চলে যান।
তামান্নার বাবা আমীর হোসেন বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। মেয়ের সঙ্গে ওই যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়েছে। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। বিয়ের জন্য তাঁর পরিবার ও সংশ্লিষ্ট দেশের আইনগত সম্মতিপত্র নিয়ে এলে মেয়েকে বিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করব।’
ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা যুবক আসার খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। সেখানে গিয়ে জানতে পারেন, যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। তবে বিয়ের বিষয়ে প্রয়োজনীয় কোনো অনুমতিপত্র তাঁর কাছে ছিল না। তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে বিয়ের পর ব্ল্যাকমেলের মতো ঘটনা ঘটছে। তাই এ ধরনের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। তামান্নার পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় পুলিশের সহযোগিতায় রাতেই ওই যুবককে গ্রাম ছেড়ে চলে যেতে হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চীনা যুবকের আগমনের খবর পেয়ে তাঁর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে যে তরুণীর বাড়িতে তিনি এসেছিলেন, তাঁর পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় শুক্রবার রাতেই ওই যুবক বাড়ি ছেড়ে চলে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু হওয়া এই সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়নি। পরিবারের অসম্মতির কারণে চীন থেকে বাংলাদেশে এসেও খালি হাতে ফিরতে হলো ৩৫ বছর বয়সী জেকুইনকে।