সারাবিশ্ব

গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

গুলির মুখে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধবিমান
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে দেশটির আকাশসীমার কাছাকাছি চলে আসা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলি ছোড়ার পর গতিপথ পরিবর্তন করে সরে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এ দাবি জানায়। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের দক্ষিণাঞ্চলে হেনগাম দ্বীপের কাছে এ ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে পাহারা দেওয়া এবং আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করার মিশনে থাকা অবস্থায় মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার কাছাকাছি চলে আসে।

এ সময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থেকে বিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয় বলে দাবি করা হয়েছে। এরপর যুদ্ধবিমানটি গতিপথ পরিবর্তন করে ইরানের আকাশসীমা থেকে সরে যায়।

আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনাসংক্রান্ত নিয়ম এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য। এ ধরনের লঙ্ঘন অব্যাহত থাকলে সংশ্লিষ্ট পক্ষ ও তাদের সামরিক বাহিনী আরও বড় ক্ষতির মুখে পড়তে পারে।

বিবৃতিতে মার্কিন সামরিক কমান্ডারদেরও সতর্ক করা হয়েছে। এতে ইরানের আকাশসীমাকে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করা হয়।

আইআরজিসি আরও বলেছে, ইরানের আকাশসীমায় আবারও অনুপ্রবেশ বা লঙ্ঘনের ঘটনা ঘটলে এর জবাবে সিদ্ধান্তমূলক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হবে। এমন পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমানগুলোর পরিণতি আগে লক্ষ্যবস্তু হওয়া এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনগুলোর মতো হতে পারে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ