খেলা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম
ছবি: সংগৃহীত

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ টেস্ট দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরেও নিজের সেরাটা দিতে পারেননি তিনি। সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশের অন্যতম অভিজ্ঞ এই ক্রিকেটার।

আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরে। সেই টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিকুর রহিম।

মুশফিকের বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানা গেছে। শনিবার (২৮ নভেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তামিম ইকবাল।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল ব্যাটার মুশফিক ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিন ফরম্যাট মিলিয়ে দেশের হয়ে ১৬ হাজারের বেশি রান করেছেন। ১০৮ টেস্টে ১৪টি সেঞ্চুরিসহ তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। ওয়ানডেতে ২৭৪ ম্যাচে ৯টি সেঞ্চুরির সাহায্যে করেছেন ৭ হাজার ৭৯৫ রান।

এ ছাড়া ১০২ টি টোয়েন্টি ম্যাচ খেলে মুশফিকের সংগ্রহ ১ হাজার ৫০০ রান। ২০২২ সালের সেপ্টেম্বরে টি টোয়েন্টি এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এবার আগামী বছরের ফেব্রুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। দেশের হয়ে প্রথম ব্যাটার হিসেবে ১০০ টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করেন তিনি। পাশাপাশি টেস্টে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরি ও তিনটি ডাবল সেঞ্চুরির মালিকও মুশফিক।