সারাদেশ

কুয়াকাটায় নিজ বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পিএম

কুয়াকাটায় নিজ বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মো. সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাদ্দাম সিকদার কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পশ্চিম কুয়াকাটা এলাকার লতিফ সিকদারের ছেলে। তার বয়স ৩২ বছর।

পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে মহিপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, মামলার তদন্তের স্বার্থে মো. সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।