সারাদেশ

সাইকেলে স্কুলে যাওয়ার পথে লটাহাম্বারের ধাক্কা, প্রাণ গেল ১০ বছরের ফারিহার


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পিএম

সাইকেলে স্কুলে যাওয়ার পথে লটাহাম্বারের ধাক্কা, প্রাণ গেল ১০ বছরের ফারিহার
সাইকেলে স্কুলে যাওয়ার পথে লটাহাম্বারের ধাক্কা, প্রাণ গেল ১০ বছরের ফারিহার। ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার জীবননগরে মাটিভর্তি অবৈধ লটাহাম্বারের ধাক্কায় তাসফিয়া ফারিহা নামে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাইকেল চালক সম্রাট নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালা মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া ফারিহা মনোহরপুর ইউনিয়নের ছটেঙ্গাপাড়া গ্রামের খবির হোসেনের মেয়ে। সে প্রাইড প্রি ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আহত সম্রাট একই গ্রামের আব্দুল গফুরের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার সকালে প্রতিদিনের মতো সম্রাটের সাইকেলে চড়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে স্কুলে যাচ্ছিল ফারিহা। তারা কালা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে জীবননগর থানার দিক থেকে আসা মাটিভর্তি দ্রুতগতির একটি লটাহাম্বার সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফারিহার মৃত্যু হয়। সাইকেল চালক সম্রাটের হাত ভেঙে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি।

দুর্ঘটনার পর লটাহাম্বারের চালক ও গাড়িতে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটিভর্তি লটাহাম্বারের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লটাহাম্বারটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালককে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল কাজ করছে।