জাতীয়

পে-স্কেল নিয়ে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

পে-স্কেল নিয়ে বড় সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
ছবি: সংগৃহীত

নতুন পে স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। তবে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গত ৯ মাসের প্রচেষ্টায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন শিক্ষা সচিব।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল ও বদলি নীতিমালা প্রণয়নের দাবির প্রসঙ্গে আবদুল খালেক বলেন, গত ৯ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বেসরকারি শিক্ষকদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি অত্যন্ত কঠিন কাজ ছিল। তবে পে স্কেল বাস্তবায়নের কাজ এখনো শেষ হয়নি। এর মধ্যেই শিক্ষকরা জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমেছেন।

শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আবদুল খালেক বলেন, বদলি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সরকার সততা ও দক্ষতার সঙ্গে সর্বোচ্চ চেষ্টা করছে। গত ৯ মাস ধরে কাজ করা হচ্ছে এবং সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই।

জাতীয়করণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজন হলে সরকার জাতীয়করণের উদ্যোগ নেবে। তবে এ ক্ষেত্রে সরকারের অর্থের প্রয়োজন এবং নীতিগত সিদ্ধান্তের বিষয় রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের জন্য সরকারের দেওয়া সুযোগ সুবিধার মধ্যে কম্পিউটার, ল্যাব ও নতুন বইয়ের বিষয়গুলোও তুলে ধরেন তিনি।

সরকারের আর্থিক সহযোগিতার প্রসঙ্গ তুলে শিক্ষা সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন বাবদ সাড়ে ৪ হাজার কোটি টাকা দিয়েছে।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশগ্রহণ না করার আহ্বান জানান শিক্ষা সচিব আবদুল খালেক।