জাতীয়

হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ বলেই উল্লেখ করল পাকিস্তান সেনাবাহিনী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ বলেই উল্লেখ করল পাকিস্তান সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে তার সফর নিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ সম্বোধন ব্যবহার করে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়, বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তান মিলিটারি একাডেমি সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে পৌঁছালে তাকে স্বাগত জানান একাডেমির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ইফতিখার হাসান চৌধুরী।

পোস্টে হাফিজ উদ্দিন আহমদকে ‘হিজ এক্সেলেন্সি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’ হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, যে প্রশিক্ষণকেন্দ্র একসময় তাকে গড়ে তুলেছিল, দীর্ঘ সময় পর সেই একাডেমিতে ফিরে গেছেন তিনি। পুরোনো প্রশিক্ষণস্থলে পৌঁছে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর স্মৃতিচারণ করেন স্পিকার।

পাকিস্তান সেনাবাহিনীর পোস্টে আরও বলা হয়, পাকিস্তান সেনাবাহিনীতে কাটানো বছরগুলোর স্মৃতি স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন হাফিজ উদ্দিন আহমদ। ওই সময়গুলো তার জীবন, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি। পিএমএ কেবল তার প্রশিক্ষণকেন্দ্রই ছিল না, বরং নিজের বাড়ির মতো ছিল বলেও স্মৃতিচারণ করেন স্পিকার।

পোস্টে জানানো হয়, ১৯৬৬ সালে পিএমএতে যোগ দিয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। দীর্ঘ সময় পর সেই একাডেমিতে ফিরে আসা তার জন্য আবেগঘন অভিজ্ঞতা ছিল।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার এবং দুই সংসদের মধ্যে ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তোলার প্রতি হাফিজ উদ্দিন আহমদের দৃঢ় অঙ্গীকারের অংশ হিসেবে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক ব্যক্তিগতভাবে এ সফরের আমন্ত্রণ ও আয়োজনের বিষয়টি দেখভাল করেছেন।

উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ২৩ থেকে ২৯ নভেম্বর পাকিস্তান সফর করছেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে এ সফরে গেছেন তিনি।