সারাবিশ্ব
মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত অন্তত ১৭
মিয়ানমারের শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে বিয়ের অনুষ্ঠানের বাড়িতে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী। হামলায় আহত হয়েছেন আরও অনেকে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ধারণ করা ভিডিওতে হতাহত ব্যক্তিদের রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য সরিয়ে নিতে দেখা গেছে। হামলার পরের ছবিতে অন্তত ছয়জনের মরদেহ দেখা গেলেও নিহতের সংখ্যা ১৭ বলে দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী। তবে ভিডিও ও ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।
শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার ওই গ্রামটিতে বিপুলসংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, সংঘাতের বিভিন্ন পক্ষের মধ্যে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।
মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরের গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোতে বিরোধী বাহিনীর তৎপরতা রয়েছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার আগে তিনি কাছাকাছি এলাকায় উড়োজাহাজের শব্দ শুনেছিলেন। তবে প্রথমে ধারণা করেছিলেন, তাদের এলাকায় হামলা হবে না।
তিনি বলেন, ‘আমি কাছাকাছি এলাকায় উড়োজাহাজের শব্দ শুনেছিলাম। কিন্তু ভেবেছিলাম, তারা আমাদের এলাকায় বোমা ফেলবে না।’
প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, এরপর তিনি নিজের ঘরে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং হামলার স্থানে প্রচুর ধোঁয়া দেখতে পান।
তিনি জানান, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল যে বাড়িতে, সেখানেই বোমাটি আঘাত হানে।
হামলার পর আহতদের সহায়তায় তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ১৭টি মরদেহ দেখতে পান বলে দাবি করেন তিনি। আহত হয়েছেন আরও অনেকে।
অন্য গ্রামবাসীদের ধারণ করা ছবিতেও অন্তত ছয়টি পৃথক মরদেহ দেখা গেছে। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। তবে এসব ছবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।
এ ঘটনায় মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি বার্তা সংস্থা এএফপি।