জাতীয়

পুলিশে বড় রদবদল, ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম

পুলিশে বড় রদবদল, ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেছেন পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিককে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। গাজীপুরের আরেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে মাগুরায় বদলি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. নূরে আলমকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এসআরবিতে পদায়ন করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. হাফিজুর রহমানকে খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে লালমনিরহাটে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে তার।

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। নরসিংদীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে গাজীপুরে বদলি করা হয়েছে। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিব হোসাইনকে নরসিংদীর সদর সার্কেলে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া এসআরবির সহকারী পুলিশ সুপার হাসান মুহাম্মদ মুকতারিমকে এপিবিএনে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ৩০ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।