রাজধানী

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সে লুট, খোয়া গেছে ২ হাজার ভরি গয়না


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

নিরাপত্তাকর্মীদের অচেতন করে পূরবী জুয়েলার্সে লুট, খোয়া গেছে ২ হাজার ভরি গয়না
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করার পর পূরবী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকান থেকে প্রায় ২ হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার গয়না এবং ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে বলে দাবি করেছেন জুয়েলার্স কর্তৃপক্ষ।

শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংস প্লাজায় এ ঘটনা ঘটে। চুরির পর থেকে জুয়েলার্সের নিজস্ব একজন নিরাপত্তাকর্মীসহ মার্কেটের দুই নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ। ইতোমধ্যে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মার্কেটের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।

পূরবী জুয়েলার্সের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সনজিৎ শীল জানান, রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে। এরপর থেকেই তিন নিরাপত্তাকর্মীর সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একজন মার্শাল সিকিউরিটি কোম্পানির মাধ্যমে নিয়োগ দেওয়া জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং অন্য দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী। ধারণা করা হচ্ছে, চুরির আগে তাদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করা হয়েছিল।

তার ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহযোগিতা করতে দেখা যায়। ভেতরে ঢুকেই দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ঘটনায় জড়িত সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্রও উদ্ধার করে তদন্তকারীদের কাছে দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। অপরাধ তদন্ত বিভাগের একটি দল সেখানে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। পাশাপাশি রমনা বিভাগের গোয়েন্দা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ঘটনাস্থল থেকে বিভিন্ন সরঞ্জাম ও আলামত সংগ্রহ করেছে সিআইডি ও থানা পুলিশ।

এদিকে, খাবার খেয়ে অচেতন হয়ে পড়া ঢাকা প্রোপারটি সার্ভিসেস লিমিটেডের নিরাপত্তাকর্মী আব্দুর রহিমকে ভবনের পার্কিংয়ে পাওয়া যায়। তিনি সেখানে একটি বেঞ্চে অর্ধচেতন অবস্থায় শুয়ে ছিলেন।

আব্দুর রহিম জানান, নিরাপত্তাকর্মী সালাম ও সুপারভাইজার রিপন তাকে কলা খেতে দেন। তখন তারা পার্কিংয়ে দায়িত্ব পালন করছিলেন। কলা খাওয়ার পর তিনি ও রিপন অচেতন হয়ে পড়েন। এরপর কী ঘটেছে, তা আর বলতে পারেননি তিনি।

সুপারভাইজার রিপন কোথায় জানতে চাইলে আব্দুর রহিম বলেন, তাকে হয়তো চিকিৎসার জন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মার্শাল সিকিউরিটি কোম্পানির নিরাপত্তাকর্মী আব্দুর রব জানান, তিনি পালাক্রমে রাত ও দিনে দায়িত্ব পালন করেন। সকালে এসে চুরির ঘটনা জানতে পারেন। এ ঘটনায় মার্শাল সিকিউরিটি কোম্পানির সারোয়ার ও সুপারভাইজার আমিনুলকে পুলিশ নিয়ে গেছে। এ কোম্পানির নিজাম সরদার পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, দোকান থেকে প্রায় ২ হাজার ভরি গয়না খোয়া গেছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। এ ছাড়া ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ধরনের চুরির চেষ্টা আগেও হয়েছিল বলে জানিয়েছেন জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ। তিনি বলেন, কয়েক বছর আগে একই কৌশলে চুরির চেষ্টা হয়েছিল। সে সময় নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়। একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি মালিকের নজরে আসায় সেবার চুরি করতে পারেনি দুর্বৃত্তরা। ওই ঘটনায় ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল।

এবার দোকান থেকে সব গয়না নিয়ে গেছে দুর্বৃত্তরা। কোথাও কোনো স্বর্ণ রেখে যায়নি বলে জানান তিনি।