ধর্ম

মডেল মসজিদ পরিচালনায় মউশিকের মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

মডেল মসজিদ পরিচালনায় মউশিকের মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহাল রাখার দাবি
ছবি: সংগৃহীত

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’-এর ২৯(১) অনুচ্ছেদ দ্রুত বাস্তবায়ন এবং মডেল মসজিদ পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মডেল কেয়ারটেকার ও ফিল্ড অফিসারদের ভূমিকা বহাল রাখার দাবি জানিয়েছে ইফা বাংলাদেশ মডেল কেয়ারটেকার পরিষদ।

সংগঠনটি বলছে, নতুন নীতিমালায় মডেল কেয়ারটেকার ও ফিল্ড অফিসারদের দপ্তর মডেল মসজিদে স্থানান্তর এবং মসজিদ পরিচালনায় সার্বিক সহযোগিতার যে বিধান রাখা হয়েছে, তা অক্ষুণ্ন রাখতে হবে। কোনো স্বার্থান্বেষী মহলের অপতৎপরতায় যেন এই বিধান বাতিল বা খর্ব না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে পরিষদ।

নীতিমালায় যা বলা হয়েছে

সিটি করপোরেশন, জেলা ও উপজেলা পর্যায়ের মডেল মসজিদগুলোর ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে সম্প্রতি ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’ জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নীতিমালার ২৯(১) অনুচ্ছেদে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড অফিসার ও মডেল কেয়ারটেকারদের দপ্তর মডেল মসজিদে স্থানান্তর এবং মসজিদ পরিচালনায় সার্বিক সহযোগিতা করার বিধান রাখা হয়েছে।

এ ছাড়া নীতিমালার ২৯(২) অনুচ্ছেদে জেলা ও উপজেলা পর্যায়ের পাঠাগার মডেল মসজিদে স্থানান্তর এবং প্রকল্পের বিধান অনুযায়ী জনবলের সম্মানী ও ব্যয় নির্বাহের কথা বলা হয়েছে। ২৯(৩) অনুচ্ছেদে প্রাক প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রগুলোর মধ্য থেকে প্রতিটি মডেল মসজিদে কমপক্ষে একটি শিক্ষাকেন্দ্র স্থানান্তরের বিধান রয়েছে।

নতুন নীতিমালার ৩১ নম্বর অনুচ্ছেদে ২০২১ সালের পূর্ববর্তী নীতিমালা রহিত করা হয়েছে।

মডেল কেয়ারটেকার পরিষদের প্রত্যাশা

পরিষদের নেতৃবৃন্দ জানান, মাঠপর্যায়ে ধর্মীয় শিক্ষা, মক্তব কার্যক্রম ও শিশুদের নৈতিকতা গঠনে মডেল কেয়ারটেকাররা দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন। নতুন নীতিমালায় মডেল মসজিদে তাদের দপ্তর স্থানান্তরের বিধান কার্যকর হলে মসজিদগুলোর পরিচালনা ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন।

তবে নতুন নীতিমালার এই বিধানের বিরুদ্ধে কোনো মহল অপতৎপরতা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি। এ অবস্থায় ২৯(১) অনুচ্ছেদের বিধান অক্ষুণ্ন রাখা, মডেল কেয়ারটেকারদের কর্মপরিবেশ ও পেশাগত মর্যাদা সুরক্ষায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের শীর্ষ নেতৃত্বের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে ইফা বাংলাদেশ মডেল কেয়ারটেকার পরিষদ।