সারাদেশ

কুরআনই আমাদের ঐক্যবদ্ধ করতে পারে, এই ঐক্যই রক্ষাকবচ: আজহারী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম

কুরআনই আমাদের ঐক্যবদ্ধ করতে পারে, এই ঐক্যই রক্ষাকবচ: আজহারী
ছবি: সংগৃহীত

একমাত্র পবিত্র কুরআনই মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে। আর এই ঐক্যই দেশ ও জাতির রক্ষাকবচ হতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মিজানুর রহমান আজহারী বলেন, জান্নাতে একা যাওয়ার চিন্তা না করে সবাইকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। একা একা নয়, বরং দলে দলে জান্নাতে যেতে হবে। নিজের পাশাপাশি অন্যদের কাছেও পবিত্র কুরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। মানুষকে সত্যের পথে আহ্বান জানাতে হবে এবং জান্নাতের পথ দেখাতে হবে।

সূরা আল-ওয়াকিয়ার প্রথম আয়াত ‘ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ’-এর ব্যাখ্যা দিতে গিয়ে আজহারী বলেন, এর অর্থ হলো, যখন সেই মহা ঘটনা সংঘটিত হবে। আল-ওয়াকিআহ বলতে এমন এক অবশ্যম্ভাবী মহা ঘটনাকে বোঝানো হয়েছে, যা সংঘটিত হওয়া নিশ্চিত। কেয়ামতের নির্ধারিত সময় উপস্থিত হলে তা ঘটবেই। কেউ তা প্রতিহত করতে পারবে না।

তিনি বলেন, পবিত্র কুরআনে কেয়ামতকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। এসব নামের মাধ্যমে কেয়ামতের ভয়াবহতা ও তাৎপর্য তুলে ধরা হয়েছে।

সূরা আল-ওয়াকিয়ার আরেকটি আয়াতের ব্যাখ্যায় আজহারী বলেন, কেয়ামত সংঘটিত হওয়ার বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এটি এমন এক অনিবার্য বাস্তবতা, যা কেউ ঠেকাতে পারবে না কিংবা পিছিয়ে দিতে পারবে না।