জাতীয়

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে এবং দুই দেশ চিরকাল ভাই হিসেবে থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পাকিস্তান সফরকালে দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের আতিথেয়তায় অভিভূত হওয়ার কথা জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সফরে তিনি প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তারা অত্যন্ত অমায়িক ও আন্তরিকভাবে বাংলাদেশ প্রতিনিধি দলের খোঁজখবর নিয়েছেন এবং আতিথেয়তা দিয়েছেন।

দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনার প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক আলোচনা হয়েছে। আলোচনায় অতীত ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকিস্তানের আতিথেয়তাকে উপভোগ্য ও অতুলনীয় উল্লেখ করে সফরের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান হাফিজ উদ্দিন আহমদ।