সারাবিশ্ব
ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, সমালোচনার ঝড়
মোবাইল ফোনের বিকিরণ থেকে বাঁচতে ফোনের পেছনে গোবর রাখার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের ধর্মগুরু ইন্দ্রেশ উপাধ্যায়। সম্প্রতি এক ধর্মীয় আলোচনা সভায় দেওয়া তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় সমালোচনা ও হাস্যরসের ঝড় উঠেছে।
ইন্দ্রেশ উপাধ্যায় ‘ইন্দ্রেশ মহারাজ জি’ নামেও পরিচিত। তিনি একজন ভারতীয় আধ্যাত্মিক বক্তা ও ভাগবত কথা পাঠক। তার ইউটিউব চ্যানেল ‘ভক্তিপথে’ প্রায় ৮ লাখ ৪০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে। ভাইরাল ভিডিওতে তাকে নিজের মোবাইল ফোনের ব্যাক কভারের ভেতরে শুকনো গোবর রাখতেও দেখা যায়।
বক্তব্যে ইন্দ্রেশ উপাধ্যায় বলেন, বর্তমান সময়ে প্রয়োজনের তাগিদে মোবাইল ফোন ব্যবহার করতে হয়। বিশেষ করে ধর্মীয় পাঠ ও শ্লোক উচ্চারণের জন্য ফোন কাছে রাখতে হয় তার। তবে মোবাইল ফোন ও টাওয়ার থেকে নির্গত তরঙ্গ মানুষের শরীর, বুদ্ধিমত্তা ও শারীরিক শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে দাবি করেন তিনি।
তার দাবি, ফোনের কভারের ভেতরে এক টুকরো শুকনো গোবর রাখলে তা বিকিরণ শোষণ করে নেয়, আশপাশের পরিবেশ পবিত্র রাখে এবং শরীরকে সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে।
তবে ভারতীয় এই ধর্মগুরুর দাবিকে অবৈজ্ঞানিক বলে উল্লেখ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার তথ্য অনুযায়ী, মোবাইল ফোন থেকে নির্গত রেডিওফ্রিকোয়েন্সি তরঙ্গ নন আয়োনাইজিং বিকিরণ। স্বাভাবিক মাত্রায় এ ধরনের বিকিরণ মানবদেহের কোষের ক্ষতি করে, এমন প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি। একইভাবে মোবাইল ফোনের বিকিরণ ঠেকাতে গোবর ব্যবহারের কার্যকারিতা নিয়েও কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
মোবাইল প্রকৌশলীদের মতে, ফোনের ব্যাক কভারের ভেতরে শুকনো গোবর কিংবা অন্য কোনো জৈব পদার্থ রাখলে আর্দ্রতা ও ধুলো জমার পাশাপাশি জীবাণুর উপস্থিতির ঝুঁকি তৈরি হতে পারে। এতে ফোনের ক্যামেরা, চার্জিং পোর্ট, স্পিকার ও ভেতরের সার্কিট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
হিন্দু ধর্মীয় শাস্ত্র ও প্রাচীন ঐতিহ্যে গোবর বা ‘গোময়’ পবিত্র হিসেবে বিবেচিত হলেও আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ফোনের বিকিরণ প্রতিরোধে এর ব্যবহার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা ও সমালোচনা। তবে ধর্মগুরুর অনুসারীদের একাংশ এটিকে সনাতন ঐতিহ্য ও বিশ্বাসের অংশ হিসেবে সমর্থন করছেন।