সারাদেশ

টিকটকে পরিচয়, প্রেমের টানে যশোরে এসে বিয়ের পিঁড়িতে মালয়েশিয়ান তরুণী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

টিকটকে পরিচয়, প্রেমের টানে যশোরে এসে বিয়ের পিঁড়িতে মালয়েশিয়ান তরুণী
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়, এরপর বন্ধুত্ব থেকে প্রেম। সেই প্রেমের টানেই হাজার মাইল পাড়ি দিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন নূর হায়াতি নামে এক তরুণী। যশোরের শার্শা উপজেলার সোহাগকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। দুই দেশের দুই নাগরিকের এই প্রেম ও বিয়ের ঘটনা এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।

বর সোহাগ যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। দীর্ঘ ১৫ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করছেন তিনি। সেখানে থাকাকালে টিকটকের মাধ্যমে মালয়েশিয়ার তরুণী নূর হায়াতির সঙ্গে পরিচয় হয় তার। প্রথমে বন্ধুত্ব, এরপর নিয়মিত কথাবার্তার মধ্য দিয়ে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

দীর্ঘদিনের সেই সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে সোহাগকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন নূর হায়াতি। ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরুর স্বপ্ন নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন তিনি।

জানা গেছে, গত ১৮ নভেম্বর যশোরে আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) দুই পরিবারের সম্মতিতে শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে সোহাগের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। এতে আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে বাড়িতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় বিএনপির সভাপতি মো. আশা জানান, সোহাগ দীর্ঘ ১৫ বছর ধরে মালয়েশিয়ায় রয়েছেন। সেখানে টিকটকের মাধ্যমে নূর হায়াতির সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্কের পরিণতিতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বলেন, গত ১৮ নভেম্বর যশোরে আদালতের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। পরে দুই পরিবারের সম্মতিতে সোহাগের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা আয়োজন করা হয়।

এদিকে মালয়েশিয়ান তরুণীকে একনজর দেখতে সোহাগের বাড়িতে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও আত্মীয়স্বজন। বিদেশি বধূকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. নুরুজ্জামান লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় তিনি নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেন।