সারাবিশ্ব

ক্ষমতার জন্য নেতানিয়াহুর নতুন চালাকি, দিলেন প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম

ক্ষমতার জন্য নেতানিয়াহুর নতুন চালাকি, দিলেন প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব
ছবি: সংগৃহীত

ইসরাইলের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ প্রস্তাবে বিরোধী নেতা গাদি আইজেনকটকে প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী করার কথা বলা হতে পারে। আর দ্বিতীয় মেয়াদে নিজে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিতে পারেন নেতানিয়াহু। তবে এ উদ্যোগের পেছনে রাজনৈতিক কৌশল থাকতে পারে বলে সন্দেহ করছেন বিরোধী নেতারা।

শুক্রবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ মহলে এ প্রস্তাব নিয়ে মতভেদ রয়েছে। কান পাবলিক ব্রডকাস্টারের তথ্য অনুযায়ী, অনানুষ্ঠানিকভাবে ইতোমধ্যে আইজেনকটের কাছে প্রস্তাবটি পৌঁছানো হয়েছে। তবে এ বিষয়ে নেতানিয়াহুর দল লিকুদের অবস্থান এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে, নেতানিয়াহুর প্রস্তাব নিয়ে সন্দিহান আইজেনকট আগামী সপ্তাহেই নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ৬ ডিসেম্বর তার সরকার গঠনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা। তবে প্রয়োজনে প্রেসিডেন্টের কাছে আরও ১৪ দিন সময় চাইতে পারবেন তিনি।

এদিকে, নেতানিয়াহুর সম্ভাব্য প্রস্তাবকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নেতানিয়াহু আইজেনকটকে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিতে পারেন। তবে লিকুদকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের উদ্যোগ বানচাল করতেই এমন প্রস্তাব দেওয়া হতে পারে।

লিবারম্যানের আশঙ্কা, ঐক্য সরকার গঠন নিয়ে আলোচনা দীর্ঘায়িত করে শেষ মুহূর্তে তা ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু। এমনকি লিকুদকে নিয়ে সরকার গঠন করা হলেও কয়েক মাসের মধ্যে নতুন সংকট তৈরি করে আবারও নির্বাচনের পথে যেতে পারেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইজেনকট তার জোটসঙ্গী লিবারম্যান এবং ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানকে আশ্বস্ত করেছেন, তাদের সম্মতি ছাড়া নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের কোনো উদ্যোগ নেবেন না তিনি।

তবে আইজেনকটের নেতৃত্বাধীন চারদলীয় জোটের আসনসংখ্যা ৪৮। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাকে আরব নেতৃত্বাধীন দল, অতি-রক্ষণশীল ইহুদি দল অথবা উভয় পক্ষের সমর্থন নিতে হতে পারে।

আইজেনকট জানিয়েছেন, লিকুদের সঙ্গে আলোচনায় তিনি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে তার অভিযোগ, গত দুই সপ্তাহে দুই দলের প্রতিনিধিরা মাত্র পাঁচবার বৈঠক করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, সরকারের কথিত উগ্রপন্থীদের সরিয়ে দেওয়া এবং সবার জন্য সামরিক বা জাতীয় সেবা বাধ্যতামূলক করার বিষয়ে আলোচনায় রাজি হয়নি লিকুদ।

এদিকে, রবিবার আইজেনকট ও ঐক্যবদ্ধ পার্টির নেতা নাফতালি বেনেটের বৈঠক হওয়ার কথা রয়েছে। সামরিক বাহিনীতে অতি-রক্ষণশীল ইহুদিদের নিয়োগের বিষয়ে মতবিরোধের কারণে তাদের আগের বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছিল।