অর্থনীতি

সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চান মালিকরা, ২২ হাজারে অনড় শ্রমিকপক্ষ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা দিতে চান মালিকরা, ২২ হাজারে অনড় শ্রমিকপক্ষ
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে এখনো একমত হতে পারেননি মালিক ও শ্রমিকপক্ষ। মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে।

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে মজুরি বোর্ডের চতুর্থ সভা শেষে এসব তথ্য জানানো হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মজুরি বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সভায় দুটি বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন।

মালিকপক্ষের প্রস্তাব অনুযায়ী, গ্রেড-৪ এ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা, গ্রেড-৩ এ ১৬ হাজার ৯৯৬ টাকা, গ্রেড-২ এ ১৭ হাজার ৮৮৭ টাকা এবং গ্রেড-১ এ ১৮ হাজার ৮২৮ টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রস্তাবে গ্রেড-৪ এ সর্বনিম্ন মজুরি ২২ হাজার টাকা, গ্রেড-৩ এ ২৭ হাজার টাকা, গ্রেড-২ এ ৩০ হাজার টাকা এবং গ্রেড-১ এ ৩৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে। উভয়পক্ষের পক্ষ থেকে এটি তৃতীয় প্রস্তাব।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) প্রায় সাড়ে ৯ ঘণ্টার দীর্ঘ আলোচনায় মালিকপক্ষ সর্বনিম্ন মাসিক মজুরি ১৫ হাজার ৮০০ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে, শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে সরে এসে ২২ হাজার টাকা প্রস্তাব করে।

তবে মালিকপক্ষের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করেন শ্রমিক প্রতিনিধিরা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান থাকায় বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে উভয়পক্ষ নিজেদের প্রস্তাব আরও পর্যালোচনা করে পরবর্তী বৈঠকে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়।