জাতীয়

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৮ এএম

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালে, যা ঢাকা থেকে প্রায় ৫১৬ কিলোমিটার দূরে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী ফারজানা সুলতানা জানান, মঙ্গলবার সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

তিনি বলেন, ভূমিকম্পটির উৎপত্তিস্থল বাংলাদেশের অনেক দূরে হলেও এর মাত্রা তুলনামূলক বেশি হওয়ায় ঢাকা ও রংপুরের মতো এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্পের ঘটনা ঘটেনি।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ হলেও নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

নেপালের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল ও তিব্বত সীমান্তের কাছাকাছি তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি নেপাল, ভারত, ভুটান, বাংলাদেশ ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।