সারাদেশ
পরকীয়ার অভিযোগ বাড়িতে টেনে নিয়ে বিবস্ত্র করে তরুণীকে পেটানোর ভিডিও ভাইরাল
নীলফামারীর ডোমার উপজেলায় পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে বাড়িতে নিয়ে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একই গ্রামের এক নারী ও তার পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতনের শিকার তরুণী নীলফামারীর একটি কলেজের চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বলে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে ওই তরুণী তার ভাবির সঙ্গে বাড়ির সামনে বসে গল্প করছিলেন। এ সময় একই গ্রামের আব্দুল বাকীর স্ত্রী ও পুত্রবধূ সেখানে এসে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা তরুণীকে টেনেহিঁচড়ে নিজেদের বাড়িতে নিয়ে যান। সেখানে উঠানে তাকে মারধর এবং পোশাক খুলে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তরুণী বারবার অনুরোধ করলেও তারা তাকে ছাড়েননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, আসিফ তার প্রতিবেশী চাচা। আসিফ তাকে ভাতিজির মতো সম্বোধন করেন। এর বাইরে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ঘটনার দিন ভাবির সঙ্গে বাড়ির পাশে বসে গল্প করার সময় হঠাৎ আসিফের মা ও স্ত্রী তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং আসিফের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলেন। এ অভিযোগের প্রতিবাদ করায় তাকে বাড়ির ভেতরে নিয়ে মারধর ও লাঞ্ছিত করা হয়।
তরুণী আরও জানান, তিনি অনেক অনুরোধ করেও নির্যাতনের হাত থেকে রেহাই পাননি। একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মিথ্যা অপবাদ দিয়ে তার ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করা হয়েছে অভিযোগ করে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
ভুক্তভোগীর মা ও ভাবির অভিযোগ, কোনো কারণ ছাড়াই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে। আসিফ বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। তিনি তরুণীকে ভাতিজি বলে সম্বোধন করেন। তাদের দাবি, আসিফের সঙ্গে ওই তরুণীর কোনো অনৈতিক সম্পর্ক নেই। এ ঘটনায় মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
এদিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন তরুণীর বাবা ও ভাই। তাদের আশঙ্কা, এ ধরনের অপবাদ ও ঘটনার কারণে ভবিষ্যতে মেয়ের সামাজিক জীবন ও বিয়ের ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হতে পারে। অসহায় পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে আসিফ জানান, ওই তরুণীর সঙ্গে তিনি কখনো ফোনেও কথা বলেননি। কেউ এ ধরনের সম্পর্কের প্রমাণ দিতে পারবেন না বলেও দাবি করেন তিনি। আসিফের ভাষ্য, অনলাইন জুয়ায় অনেক টাকা নষ্ট করায় পরিবারের খরচ ঠিকমতো দিতে পারেন না তিনি। এ কারণে তার পরিবারের সদস্যরা হয়তো ওই তরুণীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করছেন। তবে তিনি কখনোই তরুণীকে খারাপ চোখে দেখেননি এবং তাকে ভাতিজির মতো মনে করেন বলে জানান।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাইজুল্লাহ বিপু জানান, সোমবার রাতে ওই তরুণী হাসপাতালে ভর্তি হন। ভর্তির সময় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তরুণীর ভাষ্যমতে, তাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম সরকার জানান, নির্যাতনের ভিডিওটি তার নজরে এসেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।