জাতীয়
অনুমতি ছাড়া বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা
অধস্তন আদালতের বিচারকদের যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকা এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে নির্ধারিত সময় অনুযায়ী এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করা এবং কর্মঘণ্টার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতির আদেশক্রমে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সার্কুলারে অধস্তন আদালতের সব বিচার বিভাগীয় কর্মকর্তাকে আগে জারি করা নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণের পাশাপাশি নতুন করে এসব নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে।
সার্কুলারে উল্লেখ করা হয়, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিতি, এজলাসের নির্ধারিত সময়ের সর্বোচ্চ ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে অতীতেও একাধিকবার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি অধস্তন আদালতের অনেক বিচারক যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন বলে সুপ্রিম কোর্ট প্রশাসনের নজরে এসেছে।
এতে আরও বলা হয়, সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে কোনো কোনো বিচারক কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নির্ধারিত সময়ের আগেই একাধিকবার কর্মস্থল ছেড়ে যাচ্ছেন। পাশাপাশি অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করা হচ্ছে না। আবার কোথাও কোথাও এজলাসের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই বিচারিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে।
সার্কুলারে বলা হয়, এ ধরনের অনিয়মের কারণে বিচারপ্রার্থী সাধারণ মানুষের বিচার পাওয়ার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলাও বিঘ্নিত হচ্ছে। বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচারিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতিশীলতা আনতে নির্ধারিত কর্মঘণ্টার যথাযথ ও কার্যকর ব্যবহার অত্যন্ত জরুরি।
এ পরিস্থিতিতে বিচার বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা, শৃঙ্খলা বজায় রাখা এবং বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে সুপ্রিম কোর্ট নতুন করে কয়েকটি নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক বিচার বিভাগীয় কর্মকর্তাকে প্রতিটি কর্মদিবসে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মদিবসে কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এ ছাড়া সপ্তাহান্তের ছুটি শেষে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগদানে কোনো ধরনের বিলম্ব করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি কর্মদিবসে নির্ধারিত সময় অনুযায়ী বিচারিক কার্যক্রম শুরু করতে হবে এবং এজলাসের পুরো সময় যথাযথভাবে কাজে লাগাতে হবে। কোনো যৌক্তিক কারণ ছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই এজলাসের বিচারিক কার্যক্রম সমাপ্ত করা যাবে না।
সুপ্রিম কোর্ট প্রশাসনের সার্কুলারে স্পষ্টভাবে জানানো হয়েছে, এসব নির্দেশনা অমান্য বা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট বিচার বিভাগীয় কর্মকর্তার এমন কর্মকাণ্ড দায়িত্ব পালনে অবহেলা অথবা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে। এ ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।