সারাদেশ

দরকার হলে কফিনের বক্স খুলে দেখব হাসিনার মাথা কিনা : বিজিবি সদস্য


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

দরকার হলে কফিনের বক্স খুলে দেখব হাসিনার মাথা কিনা : বিজিবি সদস্য
ছবি: সংগৃহীত

বেনাপোল সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে যাতায়াতের গুঞ্জন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সীমান্তের ওপারে সমাবেশের খবরকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। পাশাপাশি সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় বাসিন্দাদেরও পাহারা দিতে দেখা গেছে।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিজিবির এক সদস্যকে বলতে শোনা যায়, ‘দরকার হলে কফিনের বক্স খুলে দেখব, হাসিনার মাথা কিনা।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বেনাপোল সীমান্তসংলগ্ন একটি সড়কে বিজিবি সদস্যদের সঙ্গে অবস্থান করছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে সীমান্তে সতর্ক পাহারা ও নিরাপত্তা জোরদার করার বিষয়ে বিজিবি সদস্যদের বিভিন্ন পরামর্শ দিতে দেখা যায়। কথোপকথনের একপর্যায়ে এক বিজিবি সদস্যকে সন্দেহজনক কফিনের বাক্স খুলে পরীক্ষা করার কথা বলতে শোনা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা থেকেই বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থানে থেকে সীমান্ত এলাকায় নজরদারি করছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত ব্যবহার করে কেউ যাতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে কিংবা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে সন্দেহজনক চলাচল ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবির যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, অবৈধ পথে কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে। রাতে টহলের সময় ব্যবহার করা হচ্ছে পোর্টেবল সার্চলাইট। পাশাপাশি পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় ড্রোনের মাধ্যমেও সীমান্ত এলাকায় নজরদারি চালানো হচ্ছে।