জাতীয়
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। প্রতিষ্ঠানটির অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলাকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ এ নিষেধাজ্ঞার আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে বর্তমানে অনুসন্ধান করছে দুদক। এ ঘটনায় অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ।
আবেদনে দুদক উল্লেখ করে, সংশ্লিষ্ট ব্যক্তি মো. মোতাছিম বিল্লাহ দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি দেশত্যাগ করতে সক্ষম হলে নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে চলমান অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি তা ব্যাহত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।
এ ছাড়া অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তির দেশে অবস্থান নিশ্চিত করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে মো. মোতাছিম বিল্লাহ যাতে দেশত্যাগ করতে না পারেন, সে জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানায় দুদক। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নগদ লিমিটেডের প্রশাসক পদে পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক। ওই সময় প্রতিষ্ঠানটির তৎকালীন প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন প্রশাসক হিসেবে মো. মোতাছিম বিল্লাহকে নিয়োগ দেওয়া হয়।