জাতীয়
রেড ক্রিসেন্টে মানবিক ও স্বচ্ছ নেতৃত্বের প্রত্যয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আরও মানবিক, স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় নিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও শিক্ষাবিদ অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। আগামী ২৫ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন। এ নির্বাচনে ‘ডা. সাদিক-ফারুক পরিষদ’ থেকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
‘একতা, সমতা, নিরপেক্ষতা, সার্বজনীনতা ও জবাবদিহিতার মানবিক সেবামূলক রেড ক্রিসেন্ট গড়ুন’-এ স্লোগানকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। তাঁর নির্বাচনী অঙ্গীকারের মূল লক্ষ্য হলো রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, সাংগঠনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও বিপন্ন মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। তিনি মনে করেন, রেড ক্রিসেন্টের প্রতিটি কার্যক্রমে মানবিক মূল্যবোধ, নিরপেক্ষতা ও সেবার মানসিকতা সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।
দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সমৃদ্ধ অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বর্তমানে গাইবান্ধা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান, গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক এবং গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হিসেবে চিকিৎসক সমাজ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছেন।
জেলা পর্যায়ে রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা, স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ততা বৃদ্ধি, সাংগঠনিক সীমাবদ্ধতা চিহ্নিত করা এবং মানবিক সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর করার ক্ষেত্রে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে। ফলে কেন্দ্রীয় পরিচালনা পর্ষদে নির্বাচিত হলে জেলা ও উপজেলা পর্যায়ের ইউনিটগুলোর সমস্যা, সম্ভাবনা এবং প্রয়োজনীয়তা যথাযথভাবে তুলে ধরতে পারবেন বলে মনে করছেন তাঁর সমর্থকেরা।
নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের ডেলিগেট ও ভোটারদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। বিভিন্ন পর্যায়ের ভোটারদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে নিজেদের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন প্রার্থীরা। এ পরিস্থিতিতে অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং মানবিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের পক্ষে ইতিবাচক সমর্থন প্রত্যাশা করছেন তাঁর পরিষদের নেতাকর্মীরা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, অভিজ্ঞ ও মানবিক নেতৃত্বের সমন্বয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হয়ে উঠবে। বিশেষ করে দুর্যোগ মোকাবিলা, জরুরি মানবিক সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর ২০২৬ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। এ নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারিত হবে আগামী দুই বছরের জন্য সোসাইটির নেতৃত্ব ও পরিচালনা পর্ষদ।