শিল্প-সংস্কৃতি

আলো-ছায়ার ক্যানভাসে তিন সহকর্মীর শিল্পযাত্রা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

আলো-ছায়ার ক্যানভাসে তিন সহকর্মীর শিল্পযাত্রা
ছবি: সংগৃহীত

আলো আর ছায়া- দুটিই পরস্পরের পরিপূরক। একটির উপস্থিতি অন্যটির অস্তিত্বকে আরও স্পষ্ট করে তোলে। কখনো আলোয় ফুটে ওঠে জীবনের উজ্জ্বলতা, কখনো ছায়ায় ধরা পড়ে বিষণ্নতা, নিঃসঙ্গতা কিংবা অজানা কোনো অনুভূতি। আলো-ছায়ার এমনই নানা অভিব্যক্তি ক্যানভাসে তুলে ধরেছেন তিন চিত্রশিল্পী। তাঁদের শিল্পভাবনা ও সৃজনশীলতার সম্মিলিত প্রকাশ ঘটতে যাচ্ছে ‘Light & Shadow’ শীর্ষক চিত্র প্রদর্শনীতে।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের তিন সহকর্মী সাইদ সাদী, তুষার শুভ্র দাস ও নাজমুল হাসানের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত গ্যালারি মাফায় শুক্রবার (২০ নভেম্বর) শুরু হয় পাঁচ দিনব্যাপী এ আয়োজন। চলবে মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত। প্রদর্শনীতে তিন শিল্পীর আঁকা মোট ৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।

34.2.jpg

পেশাগত জীবনে তিনজনই যুক্ত গণমাধ্যমের সঙ্গে। প্রতিদিনের ব্যস্ততা, সংবাদ আর নানা ঘটনার ভিড়ের বাইরে তাঁদের আরেকটি জগৎ রয়েছে; সেটি রং, রেখা আর ক্যানভাসের। সেই জগতের অনুভূতি ও অভিজ্ঞতাকেই শিল্পের ভাষায় প্রকাশ করেছেন তাঁরা। তাঁদের কাছে ছবি আঁকা কেবল অবসর কাটানোর অনুষঙ্গ নয়, বরং নিজের ভাবনা, অনুভূতি ও চারপাশের পৃথিবীকে নতুনভাবে দেখার একটি মাধ্যম।


‘Light & Shadow’ নামের মধ্যেই রয়েছে প্রদর্শনীর ভাবনার ইঙ্গিত। আলো ও ছায়ার পারস্পরিক সম্পর্ক মানুষের জীবন, প্রকৃতি ও অনুভূতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। কখনো আলো নতুন সম্ভাবনার প্রতীক, কখনো ছায়া রহস্যময়তার। আবার কখনো দুয়ের মিশেলে তৈরি হয় এক অনন্য দৃশ্যভাষা। তিন শিল্পীর ৫০টি চিত্রকর্মে সেই বৈচিত্র্যময় শিল্পভাবনার প্রকাশ দেখতে পাবেন দর্শনার্থীরা।

34.2.jpg


শুক্রবার বিকেল ৪টায় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য চিত্রশিল্পী আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম।
শিল্পের প্রতি ভালোবাসা থেকেই তিন সহকর্মীর এই সম্মিলিত আয়োজন। পেশাগত পরিচয়ের বাইরে নিজেদের শিল্পীসত্তাকে দর্শকের সামনে তুলে ধরার পাশাপাশি চিত্রকলার সঙ্গে শিল্পানুরাগীদের সংযোগ তৈরি করাও এ প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য।
শিল্পের ভাষা বুঝতে সব সময় শব্দের প্রয়োজন হয় না। একটি রং, একটি রেখা কিংবা আলোর সামান্য পরিবর্তনও অনেক না-বলা গল্প বলে দিতে পারে। ‘Light & Shadow’ সেই গল্পগুলো দেখারই একটি সুযোগ। শিল্পানুরাগী, সংস্কৃতিকর্মী ও দর্শনার্থীদের জন্য প্রদর্শনীটি বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত  উন্মুক্ত থাকবে ২৪ নভেম্বর পর্যন্ত।