শিল্প-সংস্কৃতি

তিতুমীর নাট্যদলের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৬:৪১ পিএম

তিতুমীর নাট্যদলের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ 
ছবি: সংগৃহীত

নাটকের মাধ্যমে সমাজের বাস্তবতা, মানুষের কথা ও সত্যকে তুলে ধরার প্রত্যয় নিয়ে পথচলা শুরু করেছিল তিতুমীর নাট্যদল। ২০১৯ সালের ২৪ আগস্ট প্রতিষ্ঠিত এই নাট্যসংগঠনটি দেখতে দেখতে পার করেছে সাত বছর। আজ ২৪ আগস্ট তিতুমীর নাট্যদলের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত নাট্যচর্চার পাশাপাশি বিভিন্ন নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে দর্শকদের কাছে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে তিতুমীর নাট্যদল। এ পর্যন্ত সংগঠনটি ১৪টি নাটক মঞ্চায়ন করেছে।

৭ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওলিউল্লাহ তুহিন বলেন, “তিতুমীর নাট্যদল যুগ যুগ বেঁচে থাকবে আপন আলোয়। সত্যের জয়গান গাইবে-এটাই আমাদের প্রত্যাশা। নাটকের মাধ্যমে মানুষের কথা ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরাই আমাদের লক্ষ্য।”

তিতুমীর নাট্যদলের সাধারণ সম্পাদক রুবাইয়াত মিমু বলেন, “তিতুমীর নাট্যদল সবসময় নাটকের মাধ্যমে সত্যকে তুলে ধরে। প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা সেই লক্ষ্যেই কাজ করে আসছি। এই সংগঠনের জন্য সবসময় ভালোবাসা থাকবে।”

সাত বছরের পথচলায় ১৪টি নাটক মঞ্চায়নের মাধ্যমে নাট্যাঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। আগামী দিনেও নিয়মিত নাট্যচর্চা অব্যাহত রেখে সত্য, মানবতা ও সমাজের নানা বাস্তবতা নাটকের মাধ্যমে তুলে ধরার প্রত্যয় রয়েছে সংগঠনটির।

প্রতিষ্ঠাবার্ষিকীতে তিতুমীর নাট্যদলের শিল্পী, কলাকুশলী, সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা সংগঠনটির উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করেছেন।