শিল্প-সংস্কৃতি
ছায়ানটের আমন্ত্রণে আরও ১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যকলা বিভাগ
দেশের ১০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের সমন্বয়ে ছায়ানট এ বছরে একটি দিনব্যাপী সঙ্গীত সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।
সোমবার (০৬ এপ্রিল) ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে আয়োজিত মত বিনিময়সভায় এসব তথ্য জানান ছায়ানট ও ১০ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের সঙ্গে সংশ্লিষ্টরা।
মূল সুর-সঙ্গীতকে কেন্দ্র করে মানবিক, নান্দনিক ও সচেতন সমাজ নির্মাণ; সঙ্গীতে সকলের মন ছোঁয়া, নির্বিঘ্নে গাইবার পরিবেশ সৃজন এবং সঙ্গীতচর্চা অব্যাহত রাখায় করণীয় অনুসন্ধান, লক্ষ্য, সঙ্গীতের মাধ্যমে সম্মিলিত শক্তিতে মানবিক আত্মোন্নয়নের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রাথমিকভাবে জাতীয় সঙ্গীতের প্রকৃত সুর, দেশের ইতিহাসের পরিচায়ক দেশাত্মবোধক গান, জাগরণী গান, সম্প্রীতির গান এবং বাংলার ঋতুভিত্তিক সঙ্গীতের সাধনা সাধারণ্যে সুবিস্তৃত করবেন।
সভায় বক্তব্য রাখেন ছায়ানট সভাপতি ডা. সারওয়ার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ, সহযোগী অধ্যাপক আজিজুর রহমান তুহিন, সহযোগী অধ্যাপক ড. সাইম রানা ও নৃত্যকলা বিভাগের প্রভাষক মাহনাজ রহমান, প্রভাষক লাবনী বন্যা; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ঝুমুর আহমেদ,ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক অসিত কুমার দে, সহযোগী অধ্যাপক ড. শেখর মণ্ডল; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সভাপতি, সহকারী অধ্যাপক-মিশকাতুল মমতাজ মুমু এবং সহকারী অধ্যাপক এ কে এম কৌশিক আহমেদ; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোনিয়া শারমিন খান, প্রভাষক রিফাহ নানজিবা প্রমা; নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার, অধ্যাপক জাহিদুল কবির; রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রভাষক ঋত্বিক মাহমুদ, প্রভাষক ইন্দ্রানী মোদক; রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রভাষক আফরোজা রূপা, প্রতিনিধি আক্কাস হোসাইন; শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রভাষক সুমন মুহামম্মদ হাফিজ, প্রদর্শক, কমল কান্তি মালো; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সঙ্গীত বিভাগের প্রভাষক তুষার মাহমুদ, প্রভাষক সানিতা তাবাসসুম এবং ছায়ানটের দুই সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল, পার্থ তানভীর নভেদসহ সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
এসময় সভায় আমন্ত্রিত প্রতিনিধিরা নিজ নিজ অভিজ্ঞতা, সংকট, সম্ভাবনা ও ভাবনার কথা প্রকাশ করেছেন। সকলেই নির্বিঘ্ন সঙ্গীতচর্চা অব্যাহত রাখবার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তারা বলেন, সম্মিলিত এই সমন্বিত দৃষ্টিভঙ্গি ও কর্মোদ্যোগের সন্ধান এককালীন নয়, হয়ে উঠুক নবোদ্যমে এক সাংস্কৃতিক অভিযাত্রার সূচনা।