সারাবিশ্ব
সিরিয়ায় ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের শঙ্কা, ওয়াশিংটনকে সতর্ক করল তুরস্ক
সিরিয়ার দক্ষিণাঞ্চলে ইসরায়েল নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তুরস্ক। এ বিষয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছে আঙ্কারা। তুরস্কের অভিযোগ, ইসরায়েল প্রতি সপ্তাহে হেলিকপ্টারের মাধ্যমে দক্ষিণ সিরিয়ার একটি সশস্ত্র দ্রুজ গোষ্ঠীর কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে। এর মাধ্যমে সিরীয় সরকারি বাহিনীকে সংঘাতের দিকে ঠেলে দিয়ে দেশটিতে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা করছে ইসরায়েল।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শনিবার (২২ নভেম্বর) তুর্কি সম্প্রচারমাধ্যম টিজিআরটি হাবারকে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে এসব অভিযোগ করেন। তিনি জানান, সিরিয়ার পরিস্থিতি নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় কর্মকর্তাদের পাশাপাশি আঞ্চলিক মিত্রদের কাছেও তুলে ধরেছে আঙ্কারা। তুরস্ক মনে করছে, দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের তৎপরতা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
সাক্ষাৎকারে হাকান ফিদান বলেন, সিরিয়ায় এমন একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, যা পরবর্তী সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর জন্য সামরিক অভিযান চালানোর অজুহাত হিসেবে ব্যবহৃত হতে পারে। তাঁর অভিযোগ, সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের তিনটি প্রধান গোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠীকে সরাসরি সমর্থন ও সহায়তা দিচ্ছে ইসরায়েল। অন্য দুটি গোষ্ঠী সিরীয় সরকারের প্রতি সমর্থনশীল এবং ইসরায়েলবিরোধী অবস্থানে রয়েছে।
ফিদানের দাবি, ইসরায়েলের সমর্থনপুষ্ট ওই দ্রুজ গোষ্ঠীটি সিরীয় সরকারি বাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করছে। এর ফলে সরকারি বাহিনীর সঙ্গে তাদের সংঘাত তৈরি হলে ইসরায়েল সেটিকে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের যৌক্তিকতা হিসেবে তুলে ধরতে পারে। তুরস্কের আশঙ্কা, এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে সিরিয়ার দক্ষিণাঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়তে পারে।
তুরস্কের এই সতর্কবার্তার মধ্য দিয়ে সিরিয়ার দক্ষিণাঞ্চল ঘিরে আঞ্চলিক উত্তেজনার নতুন দিক সামনে এসেছে। বিশেষ করে দ্রুজ সম্প্রদায়কে কেন্দ্র করে ইসরায়েলের কথিত তৎপরতা এবং সিরীয় সরকারি বাহিনীর সঙ্গে সম্ভাব্য সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে। আঙ্কারা মনে করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশ ও আঞ্চলিক শক্তিগুলোর কার্যকর কূটনৈতিক ভূমিকা জরুরি।