রাজনীতি

ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই দিয়েই আমাদের জন্ম: এনসিপি আহ্বায়ক


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই দিয়েই আমাদের জন্ম: এনসিপি আহ্বায়ক
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়েই এনসিপির জন্ম হয়েছে। সেই লড়াই এখনো অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলবে। দেশে অন্য কোনো রাজনৈতিক দল না থাকলেও এনসিপি তার রাজনৈতিক অবস্থান থেকে লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

আওয়ামী লীগ ইস্যুতে বিএনপির সঙ্গে রাজপথে এনসিপি থাকবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এনসিপির নিজস্ব ও সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা রয়েছে। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নে দলটি নিজস্ব অবস্থান থেকেই লড়াই চালিয়ে যাবে।

তিনি বলেন, এসব ইস্যুতে এনসিপি বর্তমান সরকারপ্রধানকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হলে এনসিপি সেই ঐক্যপ্রক্রিয়ায় থাকবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক নিয়ে এনসিপি সন্তুষ্ট কি না, জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, শুধু আলোচনা হয়েছে কি না, তার ওপর বৈঠকের সফলতা নির্ভর করবে না। বরং আলোচনার পর সরকার কী ধরনের পদক্ষেপ নেয়, সেটিই হবে সন্তুষ্টি বা অসন্তুষ্টি নির্ধারণের মূল বিষয়।

তিনি আরও বলেন, সরকার যদি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এবং সেই আলোচনার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে, তাহলে বৈঠককে সফল বলা যাবে। এনসিপি শুধু আলোচনার জন্য আলোচনা চায় না; বরং আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত ও কার্যকর সিদ্ধান্ত বাস্তবায়ন দেখতে চায়।

এদিকে বৈঠকে সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের সুপারিশ করেছে এনসিপির প্রতিনিধি দল। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিক্রিয়া জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন।