সারাদেশ
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয়ে ‘ফ্যামিলি কার্ড’ ও ঘরের প্রলোভনে ৩০ লাখ টাকা আত্মসাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখিয়ে পিরোজপুরের কাউখালী উপজেলায় শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। স্বল্পমূল্যে সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে চক্রটি। এ ঘটনায় চক্রের তিন সহযোগীকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে অভিযোগের মূল হোতাসহ অন্য সদস্যরা এখনো পলাতক রয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) আটক তিনজনকে পিরোজপুর আদালতে পাঠানো হয়। এর আগে রোববার রাতে প্রতারণার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া করে চক্রের তিন সহযোগীকে আটক করেন। পরে তাদের কাউখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার আসপদ্দি গ্রামের একই পরিবারের সদস্য আজহার মোল্লা, নাজমা বেগম ও রাব্বি মোল্লা।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালী উপজেলার আসপদ্দি গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক বাসিন্দাকে সরকারি নানা সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা সংগ্রহ করে চক্রটি। অভিযোগ রয়েছে, চক্রের মূল হোতা শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয় ব্যবহার করে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। এরপর মাত্র সাড়ে ৩ হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় সরকারি ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা নেন।
স্থানীয়দের দাবি, প্রতারণার ফাঁদ তৈরির আগে প্রায় দুই মাস ধরে এলাকায় স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছিল চক্রটি। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করা হয়। পরবর্তী সময়ে সেই আস্থাকে কাজে লাগিয়ে সরকারি সুবিধা দেওয়ার নামে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ৩০ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া চক্রের মূল হোতার অন্যতম সহযোগী ফাহিমা ঘটনার এক দিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা।
রোববার রাতে প্রতারণার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা অভিযুক্তদের ধাওয়া করেন। এ সময় চক্রের তিন সহযোগীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে প্রতারণার খবর ছড়িয়ে পড়ার পর শত শত ভুক্তভোগী কাউখালী থানায় ভিড় করেন। তাঁদের মধ্যে অর্ধশতাধিক নারী থানায় উপস্থিত হয়ে প্রতারণার শিকার হওয়ার কথা জানান। টাকা হারিয়ে অনেক ভুক্তভোগীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। প্রতারিতদের অধিকাংশই দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। এ ছাড়া স্কুলশিক্ষার্থী ও শিক্ষকদেরও প্রতারণার শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
থানায় উপস্থিত ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৪ জন ফ্যামিলি কার্ড পাওয়ার আশায়, ৩৭ জন নিত্যপ্রয়োজনীয় মালামাল কেনার জন্য এবং ১২ জন সরকারি ঘর ও টিউবওয়েল পাওয়ার আশায় চক্রটির সদস্যদের টাকা দিয়েছেন। সরকারি সুবিধা পাওয়ার আশায় জমানো অর্থ তুলে দেওয়ার পর এখন দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, প্রতারক চক্রের সদস্যদের ধাওয়া করে আটক করা হয়েছে। তবে চক্রের মূল হোতা পালিয়ে গেছেন। তাঁকে দ্রুত আইনের আওতায় এনে প্রতারণার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের দাবি জানান তিনি।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার কাউখালী থানায় উপস্থিত হন। এ সময় তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনার বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগীদের বক্তব্য শোনা হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের হাতে আটক তিনজনকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় প্রতারণার অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, সোমবার আটক তিন আসামিকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। পলাতক মূল হোতাসহ প্রতারণার সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।