সারাদেশ
চট্টগ্রামে ঘরে খেলার সময় পদ্ম গোখরার ছোবলে প্রাণ গেল ২১ মাসের শিশু আবদুল্লাহর
চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের ভেতরে খেলার সময় বিষধর সাপের কামড়ে আবদুল্লাহ নামে ২১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর শিশুটির বাড়ির মাটির গুদামঘরের একটি গর্ত থেকে উদ্ধার করা হয়েছে বিষধর পদ্ম গোখরা। পরিবারের ধারণা, এই সাপের কামড়েই প্রাণ হারিয়েছে শিশুটি।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকায়। নিহত আবদুল্লাহ ওই এলাকার প্রবাসী ওসমান আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে বাড়ির মাটির গুদামঘরে খেলছিল শিশু আবদুল্লাহ। এ সময় হঠাৎ তার চিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। দ্রুত সেখানে ছুটে গিয়ে তাঁরা একটি সাপকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখেন। পরে শিশুটিকে পরীক্ষা করে তার ডান হাতের বগলের নিচে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান তাঁরা। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে দেরি না করে শিশুটিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা শিশুটিকে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকেরা শিশু আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।
সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। শিশুটির মা ওয়াফিকা আলিফ বলেন, তাঁর ছেলে মাটির গুদামঘরে খেলছিল। হঠাৎ তার চিৎকার শুনে সেখানে গিয়ে একটি সাপকে চলে যেতে দেখেন তিনি। পরে ছেলের ডান হাতের বগলের নিচে সাপের কামড়ের দাগ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং অ্যান্টিভেনমও দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ছেলেকে বাঁচানো সম্ভব হয়নি। সাপের কামড়ে কলিজার টুকরা সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি।
শিশুটির মায়ের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে দেয়ালে টাঙানো বিভিন্ন প্রজাতির সাপের ছবি দেখে তিনি বুঝতে পারেন, তাঁর ছেলেকে যে সাপটি কামড়েছে, সেটি পদ্ম গোখরা।
এদিকে শিশুটির মৃত্যুর পরও বাড়িতে সাপটি থেকে যাওয়ার আশঙ্কা থাকায় সোমবার সকালে সাপ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য আমীর হোসাইন শাওন ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১১টার দিকে ঘরের একটি গর্ত থেকে বিষধর পদ্ম গোখরা সাপটি উদ্ধার করতে সক্ষম হন তিনি।
সাপ উদ্ধারকারী আমীর হোসাইন শাওনের ধারণা, ঘটনার রাতে ঘরের ভেতরে থাকা একটি ব্যাঙ শিকার করতে গর্ত থেকে বের হয়েছিল সাপটি। এ সময় শিশুটির সঙ্গে সাপটির আকস্মিক মুখোমুখি হওয়ার ঘটনা ঘটে। আত্মরক্ষার্থে সাপটি শিশুটিকে ছোবল দিয়ে থাকতে পারে বলে মনে করছেন তিনি।
এ বিষয়ে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মমিতা দাশ জানান, শিশুটিকে সাপে কামড়ানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পর দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়েছিল। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আমীর হোসাইন শাওন আরও জানান, শীতের শুরুতে খাবারের সন্ধান এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে সাপ বাড়িঘরের আশপাশে চলে আসতে পারে। এ কারণে এ সময় বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ঘরের গর্ত ও ফাঁকা জায়গা বন্ধ করা এবং শিশুদের খেলাধুলার স্থান সম্পর্কে সতর্ক থাকা জরুরি। বিশেষ করে ঘরের অন্ধকার ও অব্যবহৃত জায়গায় শিশুদের খেলতে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।