সারাদেশ
ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন বাবা-মা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহের গফরগাঁওয়ে মিনহাজের গ্রামের বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন তাঁর বাবা ও মা। তবে সৌভাগ্যক্রমে তাঁরা অক্ষত রয়েছেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। তিনি তাঁর পোস্টে জানান, সোমবার ভোররাতে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের ময়মনসিংহের গফরগাঁওয়ের বাড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
ফেসবুক পোস্টে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ লেখেন, ‘আজ ভোররাতে ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ভাইয়ের ময়মনসিংহের গফরগাঁওয়ের বাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ লীগ। মিনহাজ ভাইয়ের বাবা-মা বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। আল্লাহ রহম করেছেন, তা না হলে বড় ধরনের অঘটন ঘটতে পারত।’
এ ঘটনার জন্য সরকারের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ডাকসুর এই সম্পাদক। বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশে অগ্নিসন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ ধরনের ঘটনার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, গতকাল রোববার (২২ নভেম্বর) ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতেও পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। সাদিক কায়েম ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ডাকসুর আরেক নেতার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ সামনে এল।
পরপর দুই দিনে ডাকসুর দুই শীর্ষ নেতার পারিবারিক বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের সময় তাঁর বাবা-মা ঘুমিয়ে থাকায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য, মামলা বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।