সারাদেশ
চুয়াডাঙ্গা সীমান্তে পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মতবিনিময় সভা
সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধভাবে পুশ ইন প্রতিরোধ, মাদক ও চোরাচালান নির্মূল এবং সীমান্তবর্তী জনগণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বিজিবির উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এ সভার আয়োজন করে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।
সভায় বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পুশ ইন প্রতিরোধে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন মতামত ও পরামর্শ শোনেন এবং সীমান্তে পুশ ইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার তাঁর বক্তব্যে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বিপর্যস্ত করে। মাদক ও চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ এবং দেশের অভ্যন্তরে মাদক সরবরাহ বন্ধে বিজিবি ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করতে হবে। মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল, আইসিপি কমান্ডার সুবেদার মো: আশরাফুল ইসলাম, আইসিপি কমান্ডার নায়েব সুবেদার মো: এনায়েত হোসেনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা।