সারাদেশ

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে দুই গ্রামের সংঘর্ষ, ৬ ককটেল বিস্ফোরণ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে দুই গ্রামের সংঘর্ষ, ৬ ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছয়টি ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে যায়নি।

সোমবার ২৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার সময় বক্তাদের পাশে দাঁড়ানো নিয়ে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা শাকিলের ভাই সাজিদের ধাক্কাধাক্কি হয়।

এ ঘটনার জেরে সন্ধ্যার পর গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের বাসিন্দারা। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষ থেকে প্রায় ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর তারা পেয়েছেন। তবে পুলিশ ঘটনাস্থলে যায়নি। দুই পক্ষ নিজেরা বিষয়টি মিটমাট করে নিয়েছে বলে শুনেছেন। এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।