জাতীয়

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে ১ লাখ টাকা দিলেন ডিসি ফরিদা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ এএম

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে ১ লাখ টাকা দিলেন ডিসি ফরিদা
ছবি: সংগৃহীত

ঘর নির্মাণের জন্য দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতি বিপদভঞ্জন পাল ও মায়া রানী পালকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

রোববার ২২ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে ওই দম্পতির হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নিরাপদ আশ্রয় মানুষের মৌলিক চাহিদার অন্যতম। দৃষ্টিপ্রতিবন্ধী এই দম্পতির দীর্ঘদিনের অসহায়ত্ব ও দুর্ভোগের কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহায়তার মাধ্যমে তাদের ঘর নির্মাণের স্বপ্ন কিছুটা হলেও পূরণ হবে বলে আশা করেন তিনি। একই সঙ্গে জমি সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, তারা যেন নিজেদের জমিতে একটি নিরাপদ আশ্রয় গড়ে তুলে স্বস্তি ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, সেটিই প্রশাসনের প্রত্যাশা। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব।

জানা গেছে, ধামরাই উপজেলার কেলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপদভঞ্জন পাল ছোটবেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারান। তার স্ত্রী মায়া রানী পাল জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। দুজনের দৃষ্টিশক্তি না থাকায় দৈনন্দিন জীবনযাপন তাদের জন্য বেশ কঠিন। নানা প্রতিকূলতার মধ্যেও তারা সংসার চালিয়ে যাচ্ছেন।

এই দম্পতির একমাত্র ছেলে সদানন্দ পাল একটি রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। তার সীমিত আয়ে পরিবারের সব প্রয়োজন মেটানো সম্ভব হয় না। ফলে বয়স ও শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও জীবিকার তাগিদে বিপদভঞ্জন ও মায়া রানীকে ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করতে হচ্ছে।

এর আগে প্রায় তিন মাস আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ২ বান্ডিল টিন ও ১৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। তবে প্রয়োজনীয় অর্থের অভাবে ঘর নির্মাণের কাজ শেষ করতে পারেননি তারা। ওয়ারিশ সূত্রে পাওয়া ৩ শতাংশ জমি থাকলেও শরিকদের সঙ্গে বিরোধের কারণে সেখানে ঘর নির্মাণে জটিলতা তৈরি হয়।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন জানান, সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের মাধ্যমে জমির বিরোধ দ্রুত নিষ্পত্তি করে দম্পতির নামে নামজারির ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ইতোমধ্যে মিসকেস রুজু করা হয়েছে।

জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় নিজেদের জমিতে ঘর নির্মাণের নতুন স্বপ্ন দেখছেন বিপদভঞ্জন পাল ও মায়া রানী পাল। জমি সংক্রান্ত জটিলতা নিরসন ও নামজারি সম্পন্ন হলে তাদের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটবে বলে আশা করা হচ্ছে। গড়ে উঠবে তাদের নিরাপদ আশ্রয়, যেখানে জীবনের বাকি দিনগুলো কিছুটা স্বস্তি ও নিশ্চয়তায় কাটাতে পারবেন তারা।