সারাদেশ

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ এএম

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ছবি: সংগৃহীত

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ঢাকা থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান পৌঁছেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে ইউরেনিয়ামবাহী গাড়িবহর প্রবেশ করে।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়।

এ নিয়ে চলতি বছরে রাশিয়া থেকে ঢাকায় আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের মোট আটটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়েছে। এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে এসব জ্বালানি রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে ইউরেনিয়াম রূপপুরে নেওয়া হয়। ঢাকা থেকে রূপপুর পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলোতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ্যে সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বর্তমানে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। বাণিজ্যিক উৎপাদন শুরুর আগের ধাপে রয়েছে কেন্দ্রটি। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হয় বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এ পর্যায়ে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। তবে এটি এখনো বাণিজ্যিক উৎপাদন নয়। বরং জাতীয় গ্রিডের সঙ্গে সামঞ্জস্য ও সক্ষমতা যাচাইয়ের জন্য এ কারিগরি পরীক্ষা চালানো হচ্ছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে শেষ হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রকল্পটির মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

দুটি ইউনিট মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২ হাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।