সারাবিশ্ব

আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল ওয়াতান সড়কে এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। তবে দুর্ঘটনাটি ঠিক কখন ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ ঘটনায় কোনো বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সেবা, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্ধার ও জরুরি তৎপরতা শুরু করা হয়।

দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি শোক এবং আন্তরিক সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়।

দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ ছাড়া এ ঘটনায় আর কেউ আহত হয়েছেন কি না, সে তথ্যও জানায়নি মন্ত্রণালয়।

এই দুর্ঘটনার মাত্র ১২ দিন আগে দেশটির ফুজাইরাহ এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১২ নভেম্বর শেখ খলিফা বিন জায়েদ সড়কে (ই৮৪) পরপর দুটি দুর্ঘটনা ঘটে।

প্রথম দুর্ঘটনায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে অন্য একটি যানবাহনের সংঘর্ষ হয়। দ্বিতীয় দুর্ঘটনায় দুটি শিপিং কন্টেইনার বহনকারী একটি ট্রাক উল্টে যাওয়ার আগে বেশ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়।

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস।