সারাদেশ
নিজ বাসা থেকে বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তার মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় নিজ বাসা থেকে ছন্দা শর্মা (৩৭) নামে বিসিএস শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের জাকির হোসেন বাই লেনের চৌধুরী ভিলার তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ছন্দা শর্মা নগরের নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ছিলেন।
নিহতের স্বামী মলয় শর্মা একটি মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করেন। তিনি জানান, রাতে বাসায় ফিরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন তিনি। ২০১৩ সালে তাদের বিয়ে হয়েছিল। তবে এই দম্পতির কোনো সন্তান ছিল না।
পুলিশ জানিয়েছে, স্বজনদের ভাষ্য অনুযায়ী, তাদের দাম্পত্য জীবনে বড় ধরনের কোনো মনোমালিন্য ছিল না। দীর্ঘ ১৩ বছরের সংসারে সন্তান না থাকায় ছন্দা শর্মা মানসিক চাপে ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ছন্দা শর্মার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্য কাঞ্চনার শর্মাপাড়ায়। তার বাবার নাম মৃত হরেরাম শর্মা এবং মায়ের নাম মঞ্জুশ্রী শর্মা।
খুলশী থানার উপপরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিম জানান, বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছন্দা শর্মার মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।