সারাদেশ
৬ জনকে গুলির দায় স্বীকার করে ফেসবুকে পোস্ট দিলেন ‘শুটার রায়হান’
চট্টগ্রামের ফটিকছড়িতে বাজারে প্রকাশ্যে গুলি চালিয়ে ছয়জনকে আহত করার ঘটনায় দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে ‘শুটার রায়হান’। তবে গুলি চালানোর পেছনে আত্মরক্ষার যুক্তি তুলে ধরে তিনি দাবি করেছেন, কয়েকজন বিএনপি নেতা তাঁকে আওয়ামীপন্থি মনে করে গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করলে বাধ্য হয়ে তিনি গুলি চালান। এদিকে ঘটনার পর তাঁকে গ্রেপ্তারে রাতভর অভিযান চালিয়েও সন্ধান পায়নি পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে ছয়জন গুলিবিদ্ধ হন। ঘটনার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গুলি চালানোর কথা স্বীকার করেন রায়হান। একই সঙ্গে ঘটনার বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন তিনি।
ফেসবুক পোস্টে রায়হান লেখেন, ‘আসসালামু আলাইকুম, প্রিয় ফটিকছড়িবাসী। আমি রায়হান। গতকাল রাতে ফটিকছড়ি সুয়াবিল থেকে সিএনজিযোগে বের হলে আমাকে আওয়ামীপন্থি মনে করে কিছু বিএনপি নেতা আমার গাড়ি আটকানোর চেষ্টা করেন। আমিও আমার আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হই।’
পোস্টে আহত ব্যক্তিদের উদ্দেশে তিনি আরও উল্লেখ করেন, ওই ঘটনার মধ্য দিয়েই তাঁদের সঙ্গে বিরোধের অবসান হয়েছে। কেউ অসহায় হলে কিংবা আর্থিক সহায়তার প্রয়োজন হলে তাঁকে ইনবক্সে যোগাযোগ করার কথাও বলেন রায়হান। পাশাপাশি ভবিষ্যতে কোনো গাড়ি আটকানোর আগে সেটির ভেতরে কে রয়েছেন, তা জেনে নেওয়ার পরামর্শ দেন তিনি।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোমবার রাতে পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে বোরকা পরা চার থেকে পাঁচজন ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশায় করে চুঁরখারহাট বাজারে আসেন। বাজারের মোড়ে পৌঁছানোর পর তাঁরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। এতে বাজারে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অস্ত্রধারীরা চৌমুহনীর দিকে চলে যান। সেখানেও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের কয়েকজন প্রাথমিক চিকিৎসা নেন।
ঘটনার পর অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তাঁর বাড়ি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে। জাবেদের দাবি, নাজিরহাটের ঝংকার মোড় থেকে পাঁচজন অপরিচিত ব্যক্তি শোভনছড়ি যাওয়ার কথা বলে তাঁর অটোরিকশা ভাড়া করেন। চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর তাঁরা গুলি ছুড়তে শুরু করেন। একপর্যায়ে অস্ত্রধারীরা তাঁকে জিম্মি করে চৌমুহনীর দিকে যেতে বাধ্য করেন। তাঁদের নির্দেশেই তিনি অটোরিকশা চালাতে বাধ্য হন বলে দাবি করেন জাবেদ।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ জানান, প্রাথমিক তদন্তে তাঁরা নিশ্চিত হয়েছেন, চুঁরখারহাট বাজারে গুলি ছোড়ার সময় অটোরিকশাটিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান ছিলেন। তাঁকে গ্রেপ্তারে এর আগেও সুয়াবিল এলাকায় অভিযান চালানো হয়েছিল।
অভিযানের একপর্যায়ে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রায়হানকে খুঁজে বের করতে এলাকাবাসীর সহযোগিতা চান ওই পুলিশ কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনারা মসজিদের মাইকে ঘোষণা দেন, এইখানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান লুকিয়ে রয়েছে। ওকে পেলে পুরো চট্টগ্রাম ঠান্ডা হয়ে যাবে।’
পুলিশ আরও জানায়, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুজপুরের হাজিরখিল এলাকায় রায়হানের অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। তাঁর অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পুলিশের ধারণা, গ্রেপ্তার এড়াতে গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে রায়হান ও তাঁর সহযোগীরা পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হান বিদেশে পলাতক চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। পুলিশের অভিযোগ, বড় সাজ্জাদের বাহিনীর হয়ে চট্টগ্রাম নগরী ও আশপাশের উপজেলাগুলোতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রের দাবি, কারাগারে থাকার সময় ছোট সাজ্জাদের সঙ্গে রায়হানের সখ্য গড়ে ওঠে। ২০২৪ সালের ৫ আগস্টের পর জামিনে মুক্ত হয়ে তিনি আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তী সময়ে ছোট সাজ্জাদ ও ডেভিড ইমন গ্রেপ্তার হলে তাঁদের অপরাধী নেটওয়ার্কের অস্ত্রভাণ্ডার ও অপরাধজগতের নিয়ন্ত্রণ রায়হানের হাতে চলে আসে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
পুলিশের তথ্য বলছে, মোহাম্মদ রায়হান আলম রায়হান উদ্দিন ও ‘শুটার রায়হান’ নামেও পরিচিত। হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। ফটিকছড়িতে ছয়জনকে গুলিবিদ্ধ করার এ ঘটনার পর তাঁকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে তাঁকে ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।