সারাবিশ্ব
দ্রুত পড়ছে মুদ্রার মান, তবুও মাথা নোয়াচ্ছে না ইরান
মার্কিন অর্থনৈতিক অবরোধের চাপ যত বাড়ছে, ততই দুর্বল হয়ে পড়ছে ইরানের জাতীয় মুদ্রা রিয়াল। মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বিনিময় হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়া, আন্তর্জাতিক আর্থিক লেনদেনের সুযোগ সংকুচিত হওয়া এবং স্থলপথের বাণিজ্য বন্ধের মার্কিন প্রচেষ্টায় দেশটির অর্থনীতি ক্রমেই চাপে পড়ছে। তবে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যেও যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করতে রাজি নয় তেহরান। বরং অবরোধ অব্যাহত থাকলে সামরিক পদক্ষেপসহ বিকল্প পথ বেছে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা।
দীর্ঘদিন ধরে চলা মার্কিন নৌ-অবরোধ এবং নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষাপটে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দেশটির তেল রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস সংকুচিত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক নেটওয়ার্কে প্রবেশাধিকার সীমিত হওয়া এবং স্থলপথে বাণিজ্য বন্ধের মার্কিন প্রচেষ্টা তেহরানের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। অন্যদিকে, চলমান সংকট নিরসনে কূটনৈতিক আলোচনারও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
সোমবার (২৩ নভেম্বর) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেন, ইরানের নেতারা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। ওয়াশিংটন দেশটির অর্থনীতির অবশিষ্ট আর্থিক সক্ষমতাও ধ্বংস করে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যদিও ইরানি কর্মকর্তারা বারবার দেশটির অর্থনৈতিক সক্ষমতা ও সংকট মোকাবিলার সামর্থ্যের কথা তুলে ধরছেন, তবে তাঁদের সাম্প্রতিক বক্তব্যে দীর্ঘস্থায়ী সংঘাতের অর্থনৈতিক পরিণতি নিয়ে উদ্বেগের বিষয়টিও স্পষ্ট হয়ে উঠেছে।
মঙ্গলবার ইরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিনিময় হার বেড়ে রেকর্ড ২৮ লাখ ২ হাজার রিয়ালে পৌঁছেছে। এর আগে গত ১২ নভেম্বর প্রতি ডলারের দাম ছিল ২৬ লাখ ৪২ হাজার রিয়াল। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে ডলারের বিপরীতে আরও দুর্বল হয়েছে ইরানি মুদ্রা। একই দিনে ইউরোর বিনিময় হার বেড়ে দাঁড়িয়েছে ৩০ লাখ ৫৬ হাজার ৫০০ রিয়ালে এবং ব্রিটিশ পাউন্ডের দাম পৌঁছেছে ৩৬ লাখ ৫৩ হাজার ৪০০ রিয়ালে।
রিয়ালের এই ধারাবাহিক দরপতন ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলছে। মুদ্রার মূল্য কমে যাওয়ায় মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে, বাড়ছে আমদানি করা পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। এর ফলে দেশটিতে আগে থেকেই চলমান মূল্যস্ফীতি আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে লাখ লাখ মানুষ যখন আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, তখন মুদ্রার নতুন এই দরপতন পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। এর পাশাপাশি মার্কিন নৌ-অবরোধের কারণে বৈদেশিক মুদ্রা আয়ের গুরুত্বপূর্ণ উৎস তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে সমুদ্রপথে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, রিয়ালের এই রেকর্ড দরপতনের ঠিক আগের দিনই ইরানের আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ২২টি প্রতিষ্ঠান ও আটজন ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামের অভিযানের আওতায় এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়। নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ‘ইরান সেন্টার ফর এক্সচেঞ্জ অব কারেন্সি অ্যান্ড গোল্ড’। প্রতিষ্ঠানটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানিকারকদের সঙ্গে আমদানিকারকদের সংযোগ স্থাপনের মাধ্যমে বছরে কয়েক হাজার কোটি ডলারের বাণিজ্য পরিচালনায় ভূমিকা রাখে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের অর্থনীতি পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং দেশটির নেতারা আতঙ্কিত হয়ে পড়েছেন। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নির্দিষ্ট ধরনের আর্থিক লেনদেনে জড়িত বিদেশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরাও মার্কিন শাস্তির মুখে পড়তে পারেন। ফলে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা এবং বৈদেশিক মুদ্রা সংগ্রহের ক্ষেত্রে ইরানের সামনে নতুন প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।
সমুদ্রপথে বাণিজ্য বাধাগ্রস্ত করার পর এবার ইরানের অবশিষ্ট স্থলবাণিজ্য রুটগুলো বন্ধ করে দেওয়ার মার্কিন প্রচেষ্টাও তেহরানের উদ্বেগ বাড়িয়েছে। তবে এ ধরনের অবরোধ কার্যকর করা সহজ হবে না বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাঁর মতে, বিশাল ভৌগোলিক আয়তন এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিস্তৃত সীমান্ত থাকায় ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করা প্রায় অসম্ভব।
আরাঘচি বলেন, ইরানের সীমান্তবর্তী প্রদেশগুলোর সঙ্গে প্রতিবেশী দেশগুলোর দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এসব সম্পর্কের ভিত্তিতে বিকল্প বাণিজ্যপথ ব্যবহার করে ওয়াশিংটনের আরোপ করা বিধিনিষেধ মোকাবিলা করা সম্ভব হতে পারে। তাঁর এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, সমুদ্রপথে বাণিজ্য বাধাগ্রস্ত হলেও স্থলপথের বিকল্প যোগাযোগ ও বাণিজ্যিক করিডোর সচল রাখার ওপর গুরুত্ব দিচ্ছে তেহরান।
অর্থনৈতিক অবরোধের পাশাপাশি সামরিক সংঘাতের আশঙ্কাও ক্রমেই বাড়ছে। মঙ্গলবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আলাউদ্দিন বোরুজেরদি বলেন, দেশটি অনির্দিষ্টকাল ধরে মার্কিন নৌ-অবরোধ সহ্য করতে পারবে না। অবরোধ অব্যাহত থাকলে ইরানকে বিকল্প পথ বেছে নিতে বাধ্য হতে হবে। তেলের ট্যাংকার চলাচলে বাধা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন, ইরানের তেলবাহী জাহাজ আটকে দেওয়া হলে সেটিকে যুদ্ধাবস্থায় ফিরে যাওয়ার পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে তেহরানও ভিন্ন ব্যবস্থা নিতে বাধ্য হবে।
একই ধরনের সতর্কবার্তা দিয়েছেন ইরানের আরেক আইনপ্রণেতা আব্বাস গোলরু। তাঁর হুঁশিয়ারি, নতুন করে যুদ্ধ শুরু হলে বিশ্ব তেল সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি প্রভাবিত করার মতো সক্ষমতা ইরান অর্জন করেছে বলেও দাবি করেন তিনি। এদিকে, মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট থেকে দিন-রাত নিয়মিত বিমান পরিচালনা করা হচ্ছে। ফলে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে, কূটনৈতিক অচলাবস্থা কাটানোর ক্ষেত্রেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। মঙ্গলবার ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, তেহরানের নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না। এসব শর্তের মধ্যে রয়েছে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা, ইরানের জব্দ করা অর্থ ও সম্পদ অবমুক্ত করা, সব ফ্রন্টে শত্রুতা বন্ধ করা এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা।
গালিবাফের অভিযোগ, ওয়াশিংটন সরাসরি যুদ্ধ কিংবা শান্তি-কোনোটির পথেই না গিয়ে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন একটি পরিস্থিতি দীর্ঘায়িত করতে চাইছে। এর মাধ্যমে ইরানের ওপর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও কৌশলগত চাপ বজায় রাখাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলে মনে করেন তিনি। একই সঙ্গে প্রতিপক্ষ কোনো ভুল হিসাব করলে ইরান সংঘাতের ভৌগোলিক পরিসর পরিবর্তন করে দিতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এই ইরানি নেতা।
সব মিলিয়ে ইরানের অর্থনীতি বর্তমানে এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে রিয়ালের ঐতিহাসিক দরপতন, মূল্যস্ফীতি, তেল রপ্তানিতে বাধা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দেশটির অর্থনৈতিক ভিতকে দুর্বল করে দিচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অবরোধের বিরুদ্ধে অনড় অবস্থান বজায় রেখে সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দিচ্ছে তেহরান। ওয়াশিংটনের ধারণা, অর্থনৈতিক চাপ বাড়ালে ইরান শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ছাড় দিতে বাধ্য হবে। কিন্তু তেহরানের অবস্থান বলছে, অবরোধের কাছে নতি স্বীকারের পরিবর্তে প্রয়োজনে সংঘাতের ঝুঁকিও নিতে প্রস্তুত তারা।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরানকে কতটা চাপে ফেলতে পারবে যুক্তরাষ্ট্র? আর সেই চাপ মোকাবিলা করতে গিয়ে তেহরান শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথ বেছে নেবে, নাকি নতুন করে সামরিক সংঘাতের দিকে এগোবে? দুই দেশের অনড় অবস্থানের মধ্যে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিস্থিতি এবং বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতা অনেকটাই নির্ভর করছে এই প্রশ্নগুলোর উত্তরের ওপর।