রাজধানী

রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি দোলন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:১০ এএম

রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি দোলন
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আমলের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে শ্যামনগর থানায় ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে দায়ের করা পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া ২০০৬ সালে দায়ের করা আরও দুটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা, ভাঙচুর ও চুরির অভিযোগও রয়েছে।

তবে গ্রেপ্তারের পর তাকে কোন মামলায় আদালতে হাজির করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এস এম আতাউল হক দোলন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সংসদে বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন আতাউল হক দোলন।